নরসিংদীর ডাঙ্গা ও গজারিয়া ইউনিয়নে নির্বাচন ২২ মার্চ

আপডেট : ০৯ মার্চ ২০১৬, ১৩:০৬
 
নরসিংদী জেলায় প্রথম পর্যায়ে পলাশ উপজেলার ডাঙ্গা ও গজারিয়া ইউনিয়ন পরিষদের নির্বাচন আগামী ২২ মার্চ। ভোটগ্রহণকে সামনে রেখে ইতোমধ্যেই মনোনয়নপত্র দাখিল, বাছাই ও প্রতীক বরাদ্দের কাজ শেষ হয়েছে।
 
তবে বিরোধী দলীয় প্রার্থীরা তাদের প্রতীক নিয়ে মাঠে নামতে পারছে না বলে অভিযোগ পাওয়া গেছে। প্রচারণা চালাতে গেলেই আওয়ামী লীগের কর্মীরা তাদের উপর হামলা চালাচ্ছে। মারধোর করছে। মাইক কেড়ে নিচ্ছে, পোস্টার ছিঁড়ে ফেলছে, হত্যার হুমকি দিচ্ছে।
 
এদিকে নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, দুটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ও কাউন্সিলর মিলিয়ে ৮৯ জন প্রার্থী  প্রতিদ্বন্দ্বিতায় করবেন। এর মধ্যে গজারিয়া ইউনিয়ন পরিষদে ৫৪ এবং ডাঙ্গা ইউনিয়ন পরিষদে ৩৫ জন প্রার্থী রয়েছে।
 
ডাঙ্গা ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির প্রার্থী হচ্ছেন হাজী শফিকুল ইসলাম স্বপন, তিনি ধানের শীর্ষ প্রতীকে নির্বাচন করছেন। আওয়ামী লীগের প্রার্থী হচ্ছেন মোঃ সাবের উল হাই, তিনি পেয়েছেন নৌকা প্রতীক। বর্তমান চেয়ারম্যান বিএনপি নেতা সৈয়দ মোঃ ইকবাল, বিএনপির মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে চশমা প্রতীক নিয়ে নির্বাচন করবেন। ইসলামী আন্দোলনের প্রার্থী হাফেজ মাওলানা মোজাম্মেল হক হাতপাখা প্রতীক নিয়ে নির্বাচনী মাঠে নেমেছেন। এই ইউনিয়নের ২নং ওয়ার্ড থেকে মোঃ দেলোয়ার হোসেন খান জুয়েল ও ৩নং ওয়ার্ড থেকে আরিফুজ্জামান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
 
গজারিয়া ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থীর সংখ্যা তিনজন এবং সংরক্ষিত মহিলা আসনসহ নয়টি ওয়ার্ডে মোট ৪১ জন প্রার্থী রয়েছে। ডাঙ্গা ইউনিয়ন পরিষদে পাঁচজন চেয়ারম্যান এবং সংরক্ষিত মহিলা আসনসহ ৩টি ওয়ার্ডে মোট ২৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
 
চেয়ারম্যান পদে গজারিয়া ইউনিয়নে বিএনপির প্রার্থী হচ্ছেন বর্তমান চেয়ারম্যান মোঃ লাল মিয়া, তিনি পেয়েছেন ধানের শীষ প্রতীক। আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হচ্ছেন মোঃ বদরুদজ্জামান ভূইয়া, তিনি পেয়েছেন নৌকা এবং আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মোঃ আবু বাক্কার ভূইয়া পেয়েছেন আনারস প্রতীক।