বাঘার সাবেক পৌর মেয়র নজরুলের বহিস্কারাদেশ প্রত্যাহার

আপডেট : ০৯ মার্চ ২০১৬, ১৬:৪২
 
রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌর বিএনপির আহ্বায়ক ও সাবেক আড়ানী পৌর মেয়র  নজরুল ইসলাম মাস্টারের বহিস্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) দলীয় প্যাডে দলের যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষতির এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ বহিস্কারাদেশ প্রত্যাহার করা হয়।
 
সূত্রে জানা যায়, ২০১৫ সালের ৩০ ডিসেম্বর আড়ানী পৌর নির্বাচনে পৌর বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম মাস্টার দলীয় প্রার্থী তোজাম্মেল হকের বিরুদ্ধে ভোট যুদ্ধে অবতীর্ন হন। এ ঘটনায় কেন্ত্রীয় ভাবে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে দল থেকে বহিস্কার করা হয়। পরবর্তীতে তিনি দলীয় পদ ফিরে পেতে তৎপরতা শুরু করেন।
 
এর ফলোশ্রুতিতে মঙ্গলবার (০৮-০৩-১৬) সন্ধ্যায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি'র) দলীয় প্যাডে বর্তমান দায়িত্বপ্রাপ্ত যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষতির এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে দলীয় গঠনতন্ত্রের ৫ এর (গ) ধারা মোতাবেক নজরুল ইসলামকে স্বপদে বহাল রেখে তাঁর বহিস্কারাদেশ প্রত্যাহার করা হয়।
 
এ দিকে নজরুল ইসলামের স্বপদে বহাল রেখে তাঁর বহিস্কারাদেশ প্রত্যাহার হওয়ার খবরে আনন্দে ফেটে পড়েন নজরুল সমর্থীত দলীয় নেতা-কর্মীরা। তারা বুধবার সকালে একে অপরকে মিষ্টিমুখ করান।