কক্সবাজারের রামুতে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান বলেছেন সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সব ধর্মের, সব মতের মানুষকে ভূমিকা রাখতে হবে। কোনভাবে একে অন্যের প্রতি বা অন্য ধর্মের প্রতি বিরূপ মনোভাব প্রকাশ করতে পারবে না।
বুধবার সকাল ১১ টায় রামু উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কক্সবাজার-রামু আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য খোরশেদ আরা হক, কক্সবাজার জেলা প্রশাসক আলী হোসেন, কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী, রামু উপজেলা পরিষদের চেয়ারম্যান রিয়াজ উল আলম, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান সুপ্ত ভূষন বড়ুয়া, রামু বাইপাস জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা আবদুল হক, রামু কেন্দ্রীয় সীমা বিহার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক তরুন বড়ুয়া, কক্সবাজার ইমাম সমিতির সভাপতি মাওলানা সিরাজুল ইসলাম ছিদ্দিকী ও কক্সবাজার জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বাবুল শর্মা।
রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিনা কাজীর সভাপতিত্বে ও কন্ঠশিল্পী মানসী বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে রামু উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলী হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াছমিন, রামু কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবদুল হকসহ বিভিন্ন পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন, উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম মাওলানা নুরুল হাকিম। গীতা পাঠ করেন, রামু কেন্দ্রীয় কালি মন্দিরে পুরোহিত সজল ব্রাহ্মন চৌধুরী ও ত্রিপিটক পাঠ করেন, রামু সীমা বিহারের শীল প্রিয় ভিক্ষু।
সংলাপ অনুষ্ঠান শেষে (দুপুরে) ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান রামুর বিভিন্ন বৌদ্ধ বিহার পরিদর্শন করেন। রামু সীমা বিহার পরিদর্শনকালে তিনি এলাকার বড় ভান্তে সমাজসেবায় একুশে পদক প্রাপ্ত শ্রীমৎ সত্যপ্রিয় মহাথের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
