গাজীপুরের টঙ্গীতে নুরুল ইসলাম হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত।
বুধবার দুপুরে গাজীপুরের জেলা ও দায়রা জজ এ.কে.এম এনামুল হক জনাকীর্ণ আদালতে এ রায় ঘোষণা করেন। রায়ে আসামিকে ১০ হাজার টাকা জরিমানাও করা হয়। মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত রমজান ওরফে মকবুল কসাই টঙ্গীর পাগাড় ঝিনু মার্কেট এলাকার ওয়াহেদ আলীর ছেলে। রায় ঘোষণাকালে আসামি আদালতে উপস্থিত ছিল।
গাজীপুর জজ আদালতের পিপি হারিছ উদ্দিন আহমদ জানান, ২০১৩ সালের ১৪ মার্চ বিকালে নুরুল ইসলাম (৫০) টঙ্গীর পাগাড় ঝিনু মার্কেট এলাকায় কাঁচাবাজার করতে যায়। এ সময় আসামি রমজান ওরফে মকবুল কসাই পূর্ব শত্রুতার জেরে নুরুল ইসলামকে ছুরি দিয়ে বুকের বাম পাশে আঘাত করলে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে মকবুল কসাই দৌড়ে পালানোর সময় স্থানীয় জনতা তাকে ছোরাসহ আটক করে পুলিশে সোপর্দ করে। ওই দিন নিহতের ছেলে নুরুল আলম বাদী হয়ে রমজান ওরফে মকবুল কসাইয়ের বিরুদ্ধে টঙ্গী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে পুলিশ অভিযুক্ত রমজানের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। ৭ জনের সাক্ষ্য গ্রহণ শেষে বুধবার জেলা ও দায়রা জজ এ রায় প্রদান করেন।
রাষ্ট্র পক্ষে মামলা পরিচালনা করেন গাজীপুর জেলা জজ আদালতের পিপি হারিছ উদ্দিন আহমদ। আসামি পক্ষের আইনজীবী ছিলেন মো. লুৎফর রহমান।
