কাতারের ব্যস্ত রাজপথে বাঘ!

আপডেট : ০৯ মার্চ ২০১৬, ১৭:৫৬

কাতারের ব্যস্ত রাজপথে একটি বাঘের দৌড়ে বেড়ানোর ভিডিও টুইটারে ছড়িয়ে পড়ায় ব্যাপক হৈচৈ শুরু হয়েছে। টুইটারে ২০ সেকেন্ডের ভিডিওটিতে দেখা যাচ্ছে উদভ্রান্ত বড়সড় একটি বাঘ চলন্ত গাড়ির এপাশ ওপাশ দিয়ে ছুটে চলেছে।

 

বাঘটির গলায় একটি শিকল দেখা গেছে। ধারণা করা হচ্ছে, বাঘটি কারো পোষা। এটি কোনোভাবে শিকল ছিঁড়ে হয়তো পালিয়েছে। কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাদের টুইটার অ্যাকাউন্টে জানিয়েছে, ঘটনা তদন্ত করা হচ্ছে। পরে টুইটারে প্রচার করা ছবিতে দেখা যায়, মাথায় টুপি এবং সাদা লম্বা আলখাল্লা পরা এক ব্যক্তি হাসিমুখে চেইনবাঁধা বাঘটিকে নিয়ে দাঁড়িয়ে রয়েছেন। ধারণা করা হচ্ছে, মালিক বাঘটিকে ধরতে পেরেছেন।

 

কাতারে ধনীদের মধ্যে বাঘ, সিংহ, চিতাবাঘের মতো হিংস্র বন্যজন্তু পোষার চল রয়েছে। সরকার এ ধরনের বন্যজন্তু বাড়িতে রাখা বেআইনি ঘোষণা করলেও অনেকেই তা মানে না। আইন ভাঙলে এক হাজার থেকে ১০ হাজার রিয়াল পর্যন্ত জরিমানার বিধান রয়েছে। কিন্তু তারপরও কেউ আইনটিকে পাত্তা দেয় না।