চট্টগ্রামের একটি আদালত বুধবার ২০১১ সালে একজন এসএসসি পরীক্ষার্থীকে হত্যা করার দায়ে ৬ জনের ফাঁসি দিয়েছে। আদালত একই অপরাধের জন্য তাদের প্রত্যেককে ভিন্ন ভিন্ন মেয়াদে কারাদন্ডও দিয়েছে। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-২ এর বিচারক মোহম্মদ সেলিম মিয়া এই রায় ঘোষণা করেন।
এই হত্যা মামলায় সাজাপ্রাপ্তরা হলেন : সুনিল দাস (নিহতের কাকা), মাহমুদুল ইসলাম, নজরুল ইসলাম, মিজানুর রহমান চৌধুরী, মোহম্মদ হোসেন ওরফে সাগর এবং মোহম্মদ সেলিম।
মামলার বিবরণীতে বলা হয়েছে, ২০১১ সালের ৮ মে এসএসসি পরীক্ষার ফল প্রকাশের মাত্র ৪ দিন আগে বান্দরবান থেকে হিমেল দাস শুপেন (১৬) নিখোঁজ হয়। তার মা তিনদিন পর নগরীর ডাবলমুরিং থানায় একটি মামলা করেন। পুলিশ বান্দরবান জেলার গভীর পার্বত্য এলাকা থেকে ১৪ মে তার মৃতদেহ উদ্ধার করে।
এই হত্যাকান্ডে পুলিশ ২০১১ সালের ৩০ সেপ্টেম্বর আদালতে চার্জশীট দাখিল করে। আদালত ২০১২ সালের ২৭ আগস্ট ৬ জনের বিরুদ্ধে চার্জ গঠন করে। আদালত ১২ জনের সাক্ষী যাচাই-বাছাই করে এই আদেশ দেয়।
রায়ে সন্তোষ প্রকাশ করে স্কুল শিক্ষক পাপিয়া সেন সাংবাদিকদের বলেন, 'জমি নিয়ে বিরোধের ঘটনায় এই হত্যাকান্ড ঘটে। এ ঘটনার জন্য কিশোরের কাকা দায়ী।' তিনি আরো বলেন, 'এই একই কারণে ২০০৬ সালে তার স্বামী, সাবেক রেলওয়ে কর্মকর্তা সুশিল দাস খুন হন।'
