নাটোর জেলার লালপুরে মোসাদ্দিকা খাতুন মুক্তি (৬) নামে এক শিশুকে হত্যার দায়ে এক যুবককে ফাঁসির আদেশ দিয়েছে নাটোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত। বুধবার আদালতের বিচারক প্রদীপ কুমার রায় এই দন্ড প্রদান করেন। ফাঁসির দন্ড পাওয়া ওই যুবকের নাম শাহারুল ইসলাম (২৯) ।
এই বিষয়ে আদালত সূত্রে জানা যায়, ২০০৭ সালের ৬ নভেম্বর সকাল ৯টার দিকে নাটোরের লালপুর উপজেলার রঘুনাথপুর গ্রামের মুকরুম আলী সরদারের ছয় বছর বয়সী মেয়ে মোসাদ্দিকা খাতুন মুক্তি বাড়ির পাশে অন্য শিশুদের সাথে খেলা করছিল। এই সময় শালুক তুলে দেয়ার কথা বলে প্রতিবেশী শাহারুল ইসলাম তাকে বাড়িতে ডেকে নিয়ে যায়। পরে মুক্তির কানের এক আনা দেড় রতির সোনার রিং দুটি কেড়ে নিয়ে গলা টিপে হত্যা করে শাহারুল ও তার পিতা। হত্যার পর তাকে ঘরের মধ্যেই পুঁতে রাখে।
মুক্তির বাবা এই ঘটনায় শাহারুল, তার বাবা আক্কেল আলী ও মা পারুল বেগমের বিরুদ্ধে লালপুর থানায় মামলা দায়ের করেন। মামলা চলাকালিন সময়ে জামিনে মুক্তি পেয়ে শাহারুল আত্মগোপন করে এবং তার বাবা আক্কেল আলী মৃত্যুবরণ করেন।
দীর্ঘ শুনানি ও সাক্ষ্য প্রমাণ শেষে নাটোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক প্রদীপ কুমার রায় বুধবার এই মামলার রায় ঘোষণা করেন। রায়ে প্রধান অভিযুক্ত শাহারুল ইসলামকে ফাঁসির আদেশ দেন।
অপর অভিযুক্ত তার মা পারুল বেগমকে খালাস এবং বাবা মারা যাওয়ায় তাকে মামলা থেকে অব্যাহতি দেয়া হয়। বাদী মুকরুম আলী মামলার রায়ে সন্তোষ প্রকাশ করে দ্রত আসামীকে আটক করে রায় কার্যকর করার দাবী জানিয়েছেন।
