‌‌‘র‌্যাম্বো’ হচ্ছেন হৃত্বিক রোশন!

আপডেট : ১০ মার্চ ২০১৬, ১০:৩৮
 
হলিউডের সাড়া জাগানো চলচ্চিত্র ‘র‌্যাম্বো’ ছবিতে অভিনয় করে বেশ প্রশংসা কুড়িয়েছিলেন সিলভেস্টন স্টেলন। এবার এই চলচ্চিত্রে নাকি কাজ করতে যাচ্ছেন বলিউড অভিনেতা হৃত্বিক রোশন।
 
সম্প্রতি ওয়ান ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, ভারতীয় সংস্করণে অনবদ্য চরিত্র ‘জন র‌্যাম্বো’ চরিত্রে অভিনয় করবেন হৃত্বিক রোশন।  শোনা যাচ্ছে, পরিচালক সিদ্ধার্থ আনন্দ ‘র‌্যাম্বো’ ছবির সত্ত্ব কিনে নিয়েছেন। শিগগিরই তিনি এই ছবির কাজ শুরু করতে পারেন।
 
সিদ্ধার্থ আনন্দের বক্তব্য উদ্ধৃতি দিয়ে এক প্রতিবেদনে বলা হয়েছে, হৃত্বিক সব সময়ই আমার মনে সবার উপরে রয়েছে। তবে আমি এখনো এই চরিত্রের জন্য নির্বাচিত করিনি। এই চরিত্রে নতুন কোনো মুখকেও দেখা যেতে পারে।
 
তবে পরিচালকের কাছের একটি সূত্র বলেছে, হৃত্বিক রোশন এই চলচ্চিত্রটির জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। র‌্যাম্বো চরিত্রে কাজ করার জন্য নিজেকে তৈরিতে তিনি সময় দেবেন।
সূত্রটি বলেছে, হৃত্বিক বর্তমানে অন্য একটি কাজে ব্যস্ত আছেন। এরপর র‌্যাম্বো চরিত্রে অভিনয়ের জন্য তাকে অনেক সময় দিতে হবে। ছবিটি এখন প্রি-প্রোডাকশনের কাজ চলছে।
 
তবে আসলেই ভারতীয় সংস্করণে র‌্যাম্বো ছবিটি নির্মিত হবে কি না সেটির জন্য আনুষ্ঠানিক ঘোষণা পর্যন্ত অপেক্ষা করতে হবে। খবর: ওয়ান ইন্ডিয়া।