ব্রাহ্মণবাড়িয়ায় ককটেল হামলায় ৩ যুবক আহত

আপডেট : ১০ মার্চ ২০১৬, ১২:২৩
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বিলকেন্দুয়াই গ্রামে প্রতিপক্ষের বাড়িতে ককটেল হামলায় স্প্রিন্টার বিদ্ধ হয়ে তিন যুবক গুরুতর আহত হয়েছেন। আহতরা হলেন, গ্রামের হাজি বাড়ির মোখলেছ মিয়ার ছেলে আব্দুর রহমান, নুরুল ইসলামের ছেলে আলিম ও আকরাম আলীর ছেলে নিয়ামুল ইসলাম।
 
বুধবার রাত সাড়ে আটটার দিকে বিলকেন্দুয়াই গ্রামের হাজী বাড়ির মোখলেছ মিয়ার বসত ঘরে এ হামলার ঘটনা ঘটে। স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক গুরুতর অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর নির্দেশ দেন।
 
তাদের স্বজনেরা জানায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শনিবার ওই গ্রামের একরামুদ্দিন হাজি বাড়ি ও খাঁ বাড়ির লোকদের মধ্যে দুই ঘণ্টাব্যাপী সংঘর্ষ হয়। ওই সংঘর্ষের জেরে বুধবার রাতে খাঁ বাড়ির লোকজন একরামুদ্দি হাজি বাড়িতে তিন যুবককে লক্ষ্য করে জানালা দিয়ে ককটেল ছুড়ে। এতে ঘটনাস্থলেই ককটেল বিস্ফোরিত হয়ে তিনজন মারাত্মক আহত হন।
 
জেলা সদর হাসপাতালের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক মুশফিকুর রহমান জানান, তিনজনেরই মুখ মণ্ডল, হাত-পা স্পিন্টারবিদ্ধ হয়ে ক্ষত-বিক্ষত হয়েছে। এছাড়া তাদের শরীরের অন্য অংশেও স্প্রিন্টারের আঘাত লেগেছে। তাদের অবস্থা  আশংকাজনক। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
 
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইনুর রহমান জানান, ঘটনাটির তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।