থাইল্যান্ডের মুসলিম প্রধান দক্ষিণাঞ্চলে বোমা বিস্ফোরণে বুধবার দুই সেনা নিহত হয়েছে। দেশটির পুলিশ একথা জানিয়েছে। গোলযোগপূর্ণ অঞ্চলটিতে সাম্প্রতিক দিনগুলোর মধ্যে এটাই সর্বশেষ প্রাণহানির ঘটনা। বুধবার বিকেলে এই সহিংস ঘটনা ঘটে।
মুসলিম প্রধান এই অঞ্চলের তিনটি প্রদেশে বন্দুক হামলা ও বিস্ফোরণ নিত্য নৈমিত্তিক ঘটনা। ২০০৪ সালে এই অঞ্চলে থাই শাসনের বিরুদ্ধে বিদ্রোহ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ৬ হাজার ৫শ’ জনের বেশি লোক প্রাণ হারিয়েছে। এদের অধিকাংশই বেসামরিক লোক। পুলিশ জানায়, নারাতিওয়াত প্রদেশের চানায়ে এলাকায় সেনা কনভয়ের একটি গাড়ি রাস্তার পাশে পেতে রাখা বোমার ওপর দিয়ে যাওয়ার সময় দূর থেকে বোমাটির বিস্ফোরণ ঘটানো হয়।
চানায়ে এলাকার পুলিশের সুপারিন্টেনডেন্ট কর্নেল চুম্পোল নাকাপাকসিন টেলিফোনে বলেন, ঘটনাস্থলেই দুই সেনা নিহত হয়েছে। এই ঘটনায় অপর পাঁচ সৈন্য আহত হয়েছে। আহতদের মধ্যে দুই জনের অবস্থা আশঙ্কাজনক। পুলিশ আরো জানায়, বুধবারের এই ঘটনার মাত্র কয়েক ঘণ্টা আগে কাছের শ্রী সাকোন এলাকায় এক মুসলিম ব্যক্তির নিজ গাড়িতে তার গুলিবিদ্ধ মৃতদেহ পাওয়া গেছে।
এছাড়া একই প্রদেশে সন্ধ্যায় আরো দুই ব্যক্তি তাদের নিজ বাড়িতে গুলিতে আহত হয়েছে। গত সপ্তাহে ২৪ ঘণ্টার ব্যবধানে ৪ জনকে গুলি করে হত্যা করা হয়। এএফপি।
