মৃৃত শিশুকে আইসিইউতে রেখে অর্থ আদায়: মামলার পরবর্তী শুনানি ২৭ মার্চ

আপডেট : ১০ মার্চ ২০১৬, ১৪:১৩
জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালের চেয়ারম্যান ডা. জুনায়েত শফিক ও ব্যবস্থাপনা পরিচালক ডা. নাঈম আহমেদ আজ হাইকোর্টে হাজিরা দিয়েছেন। আইসিইউতে মৃত শিশু রেখে অর্থ আদায়ের অভিযোগে হাইকোর্টে তাদের তলব করেছিল আদালত। 
 
ওই তলব আদেশের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার বিচারপতি এম মোয়াজ্জাম হোসেন ও বিচারপতি মোহম্মদ বদরুজ্জামানের ডিভিশন বেঞ্চে তারা হাজিরা দেন। 
 
আদালতে জাপান-বাংলাদেশ হসপিটালের চেয়ারম্যানের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ ও অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন। 
আসামি পক্ষে ব্যারিস্টার শফিক আহমেদ ও অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন মামলা পরিচালনার জন্য আদালতে সময় আবেদন করেন। আদালত সময় মঞ্জুর করে আগামী ২৭ মার্চ পরবর্তী শুনানির দিন ধার্য করেছে। একই সঙ্গে ওইদিন সংশ্লিস্ট হাসপাতালের চেয়ারম্যান ও এমডিকে আদালতে হাজির থাকতে নির্দেশ দেয়া হয়েছে। সেই সঙ্গে এই ঘটনার ব্যাখ্যা দিতে বলা হয়েছে।