চিলি ও বলিভিয়ার বিপক্ষে ২০১৮ বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচের জন্য আর্জেন্টাইন স্কোয়াড ঘোষণা করা হয়েছে। দলে রয়েছেন সুপারস্টার লিওনেল মেসি যিনি এই প্রথম ২০১৮ রাশিয়ান বিশ্বকাপের বাছাইপর্বে মাঠে নামতে যাচ্ছেন।
কিন্তু বোকা জুনিয়র্সের হয়ে মৌসুমের শুরুটা ভাল না হওয়ায় কোচ জেরার্ডো মার্টিনোর বিবেচনায় আসতে পারেননি ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক ফরোয়ার্ড কার্লোস তেভেজ। ফর্মহীনতার পাশাপাশি হাঁটুর ইনজুরিতেও ভুগছেন তেভেজ।
ইনজুরির কারণে বাছাইপর্বে প্রথম চারটি ম্যাচে খেলতে পারেননি পাঁচবারের ব্যালন ডি'অর বিজয়ী মেসি। মেসির অনুপস্থিতিতে আর্জেন্টিনাও নিজেদের নামের প্রতি সুবিচার করতে পারেনি। প্রথম চার ম্যাচে তারা মাত্র পাঁচ পয়েন্ট সংগ্রহ করেছে। বাছাইপর্বের লড়াইয়ে ফিরে আসতে মেসির উপস্থিতি জরুরি ছিল।
জাতীয় দলের হয়ে ৫৬টি আন্তর্জাতিক গোল করে এখনো শীর্ষ গোলদাতা হিসেবে আছেন সাবেক তারকা গ্যাব্রিয়েল বাতিস্তুতা। তার সমসংখ্যক রেকর্ড গড়তে ২৮ বছর বয়সী মেসির এখনো সাত গোল বাকি। তেভেজ বাদ পড়লেও মেসির সাথে আক্রমণভাগে আরো রয়েছেন গঞ্জালো হিগুয়েইন, এ্যাঞ্জেল ডি মারিয়া, সার্জিও আগুয়েরোর মত পরীক্ষিত স্ট্রাইকাররা।
নভেম্বরে সর্বশেষ বাছাইপর্বের ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে আজেন্টিনা ১-০ গোলে জয়ী হয়েছিল। আগামী ২৪ মার্চ সানটিয়াগোতে চিলির বিপক্ষে ম্যাচের পরে ২৯ মার্চ ঘরের মাঠে বলিভিয়াকে আতিথ্য দিবে আকাশী-সাদা জার্সিধারীরা।
ঘোষিত স্কোয়াডে রয়েছেন : গোলরক্ষক : সার্জিও রোমেরো, নাহুয়েল গাজমান, জেরোনিমো রুলি। ডিফেন্ডার : পাবলো জাবালেটা, ফাকুনডো রোনকাগলিয়া, গ্যাব্রিয়েল মারকাডো, নিকোলাস ওটামেন্ডি, মাতেও মুসাচিও, রামিরো ফুনেস মোরি, মার্কোস রোহো, লিয়নেল ভানগোয়িনি, জেভিয়ার পিনোলা, মার্টিন ডেমিচিলিস।
মিডফিল্ডার : জেভিয়ার মাসচেরানো, মাতিয়াস ক্রানেভিত্তার, অগাস্তো ফার্নান্দেজ, এনজো পেরেজ, লুকাস বিগলিয়া, জেভিয়ার পাস্তোর, ইভার বানেগা, এ্যাঞ্জেল ডি মারিয়া, এরিক লামেলা। ফরোয়ার্ড : লিয়নেল মেসি, সার্জিও আগুয়েরো, গঞ্জালো হিগুয়েইন, এজেকুয়েল লাভেজ্জি, নিকোলাস গেইতান, পাওলো দিবালা, এ্যাঞ্জেল কোরেয়া।
