এটুআই প্রোগ্রামের সঙ্গে দুটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে টেলিটক এবং বাংলালিংক। টেলিটকের সঙ্গে চুক্তির আওতায় ডিজিটাল সেন্টার থেকে সরকারি ও বেসরকারি বিভিন্ন ই-সেবা প্রদানে টেলিটক কাজ করবে এবং বিভিন্ন নাগরিক পরিসেবার বিল পেমেন্টসহ ই-পেমেন্ট সুবিধা দেবে। এখন থেকে টেলিটকের সেলস পয়েন্ট হিসেবে ডিজিটাল সেন্টার থেকে নাগরিকগণ বিভিন্ন সেবা গ্রহণ করতে পারবেন।
বাংলালিংকের সাথে চুক্তির আলোকে বাংলালিংকের গ্রাহকরা বিনামূল্যে সরকারী পোর্টাল জাতীয় তথ্য বাতায়ন (www.bangladesh.gov.bd) এবং এর অন্তর্গত ৬১ টি মন্ত্রনালয়/বিভাগ, ৩৫১ টি অধিদফতর, ০৮ টি বিভাগ , ৬৪ টি জেলা, ৪৮৯ টি উপজেলা, ৪৫৫০ টি ইউনিয়ন সহ ৪৫০০০+ সরকারি অফিসের ওয়েব সাইট ব্রাউজ করতে পারবেন।
এটুআই এর পক্ষ থেকে সমঝোতা স্মারক স্বাক্ষর করেন একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রামের প্রকল্প পরিচালক এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) কবির বিন আনোয়ার, টেলিটকের পক্ষ থেকে স্বাক্ষর করেন ম্যানেজিং ডিরেক্টর গিয়াস উদ্দিন আহমেদ এবং বাংলালিংকের পক্ষ থেকে স্বাক্ষর করেন চীফ কর্মাশিয়াল অফিসার শিহাব আহমেদ।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএনডিপি বাংলাদেশ এর কান্ট্রি ডিরেক্টর পলিন ট্যামেসিস এবং মাইক্রোসফটের ম্যানেজিং ডিরেক্টর সোনিয়া বশির কবির। এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সুরাইয়া বেগম (এনডিসি)।
স্বাগত বক্তব্য প্রদান করেন একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রামের প্রকল্প পরিচালক এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) কবির বিন আনোয়ার।
এদিকে আন্তর্জাতিক নারী দিবস-২০১৬ উপলক্ষ্যে এটুআই প্রোগ্রাম আয়োজিত বিশেষ অনুষ্ঠানে ৩ জনকে লিডারশিপ অ্যাওয়ার্ড-২০১৬ প্রদান করা হয়। এ অনুষ্ঠান থেকে হিউম্যান ডেভেলপমেন্ট মিডিয়া (এইচডিমিডিয়া)-এর নতুন লোগো উন্মোচন, টেলিটক এবং বাংলালিংকের মধ্যে দুটি সমঝোতা স্মারক স্বাক্ষরকরা হয়।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালিত একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রামের উদ্যোগে বুধবার এই বিশেষ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের প্রতিমন্ত্রী তারানা হালিম।
নারীর ব্যক্তিগত, সামাজিক, অর্থনৈতিকসহ সব ধরনের এগিয়ে যাওয়ার ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য এই প্রথম লিডারশিপ অ্যাওয়ার্ড দেয়া হয়। মেহেরপুর জেলায় বাল্যবিবাহ রোধে অবদান রাখার জন্য 'Men for Women' ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন জেলা প্রশাসক জনাব মো. শফিকুল ইসলাম।
দৃষ্টি প্রতিবন্ধীতা জয় করে সাধারণ শিক্ষার্থীদের পাঠদান করার পাশাপাশি ডিজিটাল কনটেন্ট তৈরি করার জন্য 'Diversity & Social Inlcusion' ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলার মহছিনা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষক উম্মে তানজিলা চৌধুরী।
মাগুরা সদর উপজেলার শত্রুজিৎপুর ইউনিয়নের ডিজিটাল সেন্টারথেকে প্রতিদিন ১৫০০-২০০০ টাকা আয় এবং প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করার মাধ্যমে অন্যদের অনুপ্রাণিত করে 'Entrepreneurship' ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন উদ্যোক্তা জেসমিন খাতুন। এটুআই এবং মাইক্রোসফট-এর যৌথ উদ্যোগে এই সম্মাননা দেয়া হয়। এ ছাড়া নারীদের জন্য এটুআই-এর ফেসবুক পেজ ভিত্তিক সোশ্যাল মিডিয়ায় ১০দিন ব্যাপী বিশেষ ক্যাম্পেইন 'Men for Women'র আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে এটুআই প্রোগ্রামের আরেকটি উদ্যোগ হিউম্যান ডেভেলপমেন্ট মিডিয়া (এইচডিমিডিয়া)-এর নতুন লোগো উন্মোচন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ডাক ও টেলিযোগাযোগ বিভাগের প্রতিমন্ত্রী তারানা হালিম বিজয়ী লোগো ডিজাইনার মাসুম আলীকে এক লক্ষ টাকা পুরস্কার প্রদান করেন।
উল্লেখ্য, ২০১৬ সালের জানুয়ারি মাসে শুরু হওয়া এই লোগো প্রতিযোগিতায় অনলাইন ক্যাম্পইনের মাধ্যমে প্রায় ২৬৭০ টি লোগো জমা পড়েছিল।
