'মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে নতুন প্রজন্মকে একযোগে কাজ করতে হবে'

আপডেট : ১০ মার্চ ২০১৬, ১৯:২২
'মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে স্বাধীনতার স্বপক্ষে শক্তি ও নতুন প্রজন্মকে একযোগে কাজ করতে হবে। মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি আবার সক্রিয় হয়ে উঠেছে, একে প্রতিহত করতে সম্মিলিত প্রচেষ্টার কোন বিকল্প নেই।' নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান বৃহস্পতিবার রাজশাহী শিল্পকলা একাডেমিতে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন মঞ্চের সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় এই কথা বলেন।
 
বীর মুক্তিযোদ্ধা হাকিম আতাউর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন মঞ্চের সহ সভাপতি ইসমত কাদির গামা, সাধারণ সম্পাদক আব্দুল খালেক মিয়া, কোষাধ্যক্ষ খন্দকার মোদাচ্ছের আলী, সহ সাধারণ সম্পাদক সুলতান উদ্দিন আহমেদ, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব রোকেয়া প্রাচী প্রমুখ বক্তৃতা করেন।
 
মন্ত্রী বলেন, 'মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন মঞ্চ কোন রাজনৈতিক সংগঠন নয়। মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি যাতে জাতিকে চক্রান্ত করে বিভ্রান্ত করতে না পারে, সে লক্ষ্যে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে শক্তিশালী করার উদ্দেশ্য নিয়ে এ মঞ্চের অগ্রযাত্রা শুরু হয়েছে।'
 
বর্তমান সরকার মুক্তিযোদ্ধাদের অধিকার প্রচেষ্টায় অত্যন্ত পরিশ্রম করছে উল্লেখ করে তিনি বলেন, 'মুক্তিযোদ্ধাদের ভাতা দেয়া হচ্ছে, তাদের জন্য গৃহনির্মাণ করা হচ্ছে, তাদের ছেলেমেয়েরা যাতে সুপ্রতিষ্ঠিত হতে পারে সে উদ্দেশ্যে চাকুরীতে ৩০ ভাগ কোটা রাখা হয়েছে।'
 
পরে নৌ-পরিবহন মন্ত্রী সোনালী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী এবং সড়ক পরিবহন মালিক ও শ্রমিক নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন।