প্রায় সাড়ে চার বছর পর আগামী শনিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা ছাত্রলীগের বার্ষিক সম্মেলন।
সম্মেলনে প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক স্থানীয় সংসদ সদস্য হাছান মাহমুদ। এ ছাড়া সম্মেলনে উপস্থিত থাকবেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাইফুল ইসলাম সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন।
সম্মেলনকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। মাঠেঘাটে এখন সর্বত্র সম্মেলন নিয়ে সাজসাজ রব। সম্মেলনকে ঘিরে উপজেলা আওয়ামী লীগসহ অন্যান্য অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মধ্যেও চাঞ্চল্য লক্ষ্য করা যাচ্ছে। আগামী শনিবার দুপুরে উপজেলার পাবলিক হল মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।
সম্মেলন সফল করার লক্ষ্যে ইতিমধ্যেই চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি বি.কে চৌধুরী লিটনকে আহ্বায়ক করে ৩১ সদস্য বিশিষ্ট সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে। এবারের সম্মেলনে সভাপতি পদে কমপক্ষে ১১ জন এবং সাধারণ সম্পাদক পদে ৭ জন প্রতিদ্বন্দ্বিতা করছে। এদের মধ্যে সভাপতি পদে জাকিরুল আজম মুরাদ, আব্দুল হালিম তালুকদার, ওমর ফারুক, মাহমুদুল হক বাদশা, মো. সেলিম, শিমুল গুপ্ত এবং সাধারণ সম্পাদক পদে মুন্না আজাদ, নুরুল আলম, রাসেল রাসু, নাইমুল হক উল্লেখযোগ্য।
তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, সবাই চাইছে যেন নতুন নেতৃত্বে সৎ, যোগ্য,পরিশ্রমী সর্বোপরি দলের জন্য ত্যাগী ছাত্ররা স্থান পান। যারা নিয়মিত ছাত্র, মেধাবী, উদ্যমী, রাঙ্গুনিয়ার ছাত্র রাজনীতিতে যারা আগের চেয়ে বেশি ইতিবাচক পরিবর্তন আনতে পারবে এমন নেতৃত্বই কাম্য তৃণমূলের। সম্মেলনকে ঘিরে উপজেলায় উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়েছে।
