রাজধানীর বনশ্রীতে দুই শিশু হত্যার ঘটনায় আটক রেস্তোরাঁর ম্যানেজারসহ তিনজনের জামিন মঞ্জুর করেছেন আদালত। এ ঘটনায় গ্রেফতার শিশু দুটির মা মাহফুজা মালেক রিমান্ডে আছেন।
বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম তসরুজ্জামান এ আদেশ দেন। জামিনপ্রাপ্তরা হলেন- রেস্তোরাঁর ম্যানেজার মো. মাসুদুর রহমান, কর্মচারী আসাদুজ্জামান ও আতাউর রহমান।
প্রসঙ্গত, বনশ্রীর ৪ নম্বর রোডের ৯ নম্বর বাসায় গত ২৯ ফেব্রুয়ারি রাতে দুই ভাই-বোনের রহস্যজনক মৃত্যু হয়। ঘটনার পর স্বজনরা দাবি করেন, রেস্তোরাঁর খাবার খেয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। এ কারণে তাদেরকে আটক করে পুলিশ। ময়নাতদন্তের পর চিকিৎসকরা জানান, শিশু দুটিকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। এরপর লাশ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে রেখে তাদের বাবা-মা জামালপুর শহরের ইকবালপুরে চলে যান। মঙ্গলবার লাশের ময়নাতদন্তে দুই শিশুকে শ্বাসরোধে হত্যার আলামত পান চিকিৎসকরা।
নুসরাত আমান ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের (প্রধান শাখা) পঞ্চম শ্রেণিতে পড়ত। হলি ক্রিসেন্ট (ইন্টারন্যাশনাল) স্কুল অ্যান্ড কলেজের নার্সারিতে পড়ত আলভী আমান।
