নেদারল্যান্ডসের বিপক্ষে ঘাম ঝরানো জয়ের পর আজ আয়ারল্যান্ডের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। ধর্মশালায় ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত আটটায়। পরের রাউন্ডে উঠতে হলে আজকের ম্যাচ দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ। গত ম্যাচে ডাচদের হারিয়ে ‘এ’ গ্রুপে বাংলাদেশ সুবিধাজনক অবস্থানে থাকলেও ওমানের কাছে অপ্রত্যাশিত পরাজয়ে চাপে রয়েছে আইরিশরা। আজ জিতলে সুপার টেনে ওঠা একরকম নিশ্চিত হয়ে যাবে টাইগারদের। আর হেরে গেলে টুর্নামেন্ট থেকেই ছিটকে পড়বে আইরিশরা।
এমন অগ্নিপরীক্ষা সামনে রেখে গতকাল অনুশীলন করেছে দুই দলই। স্টেডিয়ামের সামনের নেটে সকালের সেশন বরাদ্দ ছিল আয়ারল্যান্ডের জন্য। বিকালে অনুশীলনে নামে টাইগাররা। তবে অনুশীলনে পুরো টিমকে পাননি কোচ হাতুরুসিংহে। গতকাল অনুশীলন করেছেন মুশফিক, নুরুল হাসান, সাব্বির, আবু হায়দার রনি ও আল আমীনসহ ৫ জন। মুস্তাফিজকে গতকালও অনুশীলন করতে দেখা যায়নি।
এদিকে পেসার তাসকিন ও স্পিনার আরাফাত সানিকে নিয়ে বিপাকে পড়েছে বাংলাদেশ দল। নেদারল্যান্ডের বিরুদ্ধে এ দুই বোলারের বিরুদ্ধে সন্দেহজনক অ্যাকশনের অভিযোগ এনেছে আইসিসি। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে এই খবর নিশ্চিত করেছে আইসিসি।
নিয়ম অনুযায়ী এখন ৭ দিনের মধ্যে এই দু’জনকে আইসিসি স্বীকৃত কোনো স্বাধীন পরীক্ষাকেন্দ্রে অ্যাকশনের পরীক্ষা দিতে হবে। আইসিসির নিয়ম বলছে, একটা স্বাধীন পরীক্ষার সব ধরনের প্রচেষ্টা চালাতে হবে এবং এই স্বাধীন পরীক্ষার রিপোর্টটি ম্যাচ কর্মকর্তাদের রিপোর্ট করার তারিখ থেকে ৭ দিনের মধ্যে হতে হবে।
বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যে টি টোয়েন্টি দ্বৈরথে এগিয়ে রয়েছে টাইগাররাই। এ পর্যন্ত চার লড়াইয়ের তিনটিতেই জিতেছে বাংলাদেশ।
টি টোয়েন্টি ক্রিকেটে গত দুই বছর বাংলাদেশ বেশ ভালো সময় কাটিয়েছে। ২০১৪ সালে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে সিরিজ ড্র করার মধ্য দিয়ে সুসময়ের সূচনা করে বাংলাদেশ। গত বছর পাকিস্তানের বিরুদ্ধে এক ম্যাচের সিরিজে জয়ী হয়। এরপর জিম্বাবুয়ের সঙ্গে দুই দফায় সিরিজ ড্র করে। সর্বশেষ এশিয়া কাপে পাকিস্তান ও শ্রীলংকার মত পরাশক্তির বিরুদ্ধে জয়ী হয়ে ফাইনালে ওঠে।
