আন্দোলনের নামে ডাকা বিএনপি-জামাতের অগ্নিসন্ত্রাস থেকে শিশুরাও রেহাই পায়নি বলে অভিযোগ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ। শুক্রবার সকালে রাজধানীর উদয়ন স্কুলে বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা আয়োজিত বার্ষিক সাংস্কৃতিক উৎসবে প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড.হাছান মাহমুদ এ মন্তব্য করেন।
তিনি বলেন, যখন আমরা শিশুদের মেধা-মনন বিকাশের কথা বলছি, শিশুদের আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলার স্বপ্ন দেখি; তখন দেশের একটি রাজনৈতিক দল এসএসসি পরীক্ষার সময় তাদের রাজনৈতিক লিপ্সা চরিতার্থ করার জন্য অবরোধ ডাকে। মাইসা, অনিকের মতো অনেক শিশু-কিশোরের পরিবারের স্বপ্ন ধুলিস্যাৎ হয়েছে বিএনপি-জামাতের অগ্নি-সন্ত্রাসের কারণে। রাজনীতি মানুষের কল্যাণের জন্য। কিন্তু রাজনৈতিক স্বার্থ উদ্ধারের জন্য যারা দেশের জনগণকে প্রতিপক্ষ বানায় তাদেরকে অবশ্যই বর্জন করতে হবে।
হাছান মাহমুদ বক্তব্যে বলেন, রাজনীতিবিদরা দেশ চালাচ্ছে এবং ভবিষ্যতেও চালাবে। তাই রাজনীতিতে অবশ্যই মেধাবী মানুষের প্রয়োজন। কারণ মেধাবীরাই পারে দেশকে সঠিক খাতে পরিচালিত করতে। কিন্তু বিএনপি-জামাতের সন্ত্রাসী কর্মকাণ্ড দেখে অনেক মেধাবী শিক্ষার্থীরা রাজনীতিতে আসতে চায় না।
উপস্থিত শিশু-কিশোরদের উদ্দেশ্যে হাছান মাহমুদ বলেন, স্বপ্নবিহীন কোন মানুষ হতে পারে না।মানুষ তার স্বপ্নের সমানই বড়। তোমাদের স্বপ্ন থাকতে হবে এবং সে স্বপ্নকে বাস্তবায়নের জন্য অদম্য ইচ্ছাশক্তি ও প্রচেষ্টা থাকতে হবে। দেশাত্মবোধে জাগ্রত,মেধা ও মননে বিকশিত এমন নতুন প্রজন্মই আমরা চাই।
বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলার প্রশংসা করে সাবেক এ মন্ত্রী আরো বলেন, আকাশ সংস্কৃতির আগ্রাসনে যখন দেশিয় সংস্কৃতি হুমকির মুখে তখন এ সাংস্কৃতিক উৎসব অবশ্যই প্রশংসনীয়। আমি এ সংগঠনকে আরো ধন্যবাদ জানাই এ কারণে যে,নতুন প্রজন্ম এ সংগঠনের মাধ্যমে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনকের সাথে পরিচিত হতে পারছে।
প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ও সংগঠনের চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরী উৎসবের সভাপতি হিসেবে বক্তব্য রাখেন।
