শুক্রবার রাতে ওয়াল্ড টি-টোয়েন্টিতে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ। কিন্তু বৃহস্পতিবার রাত থেকেই সেখানে বৃষ্টি হচ্ছে বলে জানা গেছে।
আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ম্যাচটি মাঠে গড়ানোর কথা শুক্রবার সন্ধ্যায়। রাতের টানা বৃষ্টির পর শুক্রবারের আবারও হওয়ার সম্ভাবনায় অনিশ্চয়তা তৈরি হয়েছে ম্যাচ নিয়ে।
ধর্মশালায় শুক্রবার দুপুর পর্যন্ত তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছে। আবহাওয়া পূর্বাভাস বলছে রাতে তাপমাত্রা আরো নিম্নমুখী থাকবে। শুক্রবার রাতে সেখানে বজ্রসহ ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
ওয়ার্ল্ড টি-টোয়েন্টির বাছাইপর্বে কোনো রিজার্ভ ডে নেই। তাই বল মাঠে না গড়ালে দুই দলকে পয়েন্ট ভাগাভাগি করে নিতে হবে। অন্যদিকে, আবহাওয়া পূর্বাভাস জানাচ্ছে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশ-ওমানের ১৩ তারিখের ম্যাচেও।
