বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, সরকার জনগণের কাছে দায়বদ্ধ না থাকলে জনগণ নিরাপত্তাহীনতায় ভোগে। খুন-রাহাজানি-সন্ত্রাস-দুর্নীতিতে দেশ ছেয়ে গেছে। আমার দেশে ব্যাংকে টাকা রাখলে সেই টাকা লুট হয়ে যাচ্ছে। আমার শেয়ার বাজার লুট হয়ে যাচ্ছে। এমনকি বিদেশে টাকা রাখলে সেটা পর্যন্ত থাকছে না। এটা উদ্বেগজনক।
যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভে সঞ্চিত বাংলাদেশ ব্যাংকের অর্থ হাতিয়ে নেয়ার ঘটনায় তিনি এ উদ্বেগ প্রকাশ করেন। শুক্রবার ঢাকায় এক আলোচনা সভায় নজরুল ইসলাম এসব কথা বলেন।
নজরুল ইসলাম খান বলেন, আজ আমার মা-বোনরা নিরাপদ না, সন্তানরা নিরাপদ না। আমার দেশের সম্পদ নিরাপদ না। এই যে বাস্তবতা- এর পরিবর্তন দরকার।
পুরানা পল্টনে ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন মিলনাতনে ২০ দলীয় জোটের শরিক লেবার পার্টির মহানগর শাখর উদ্যোগে ‘বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলা প্রত্যাহারের দাবিতে’ এই আলোচনা সভা হয়।
উল্লেখ্য, অর্থ লোপাটের ওই ঘটনা গত মাসে ঘটলেও তা প্রকাশ্যে আসে গত সপ্তাহে ফিলিপাইনের একটি পত্রিকার খবরের মাধ্যমে। ডেইলি ইনকোয়ারার নামের ওই পত্রিকার খবরে বলা হয়েছে, সুইফট মেসেজিং সিস্টেমে জালিয়াতির মাধ্যমে ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউ ইয়র্কে বাংলাদেশ ব্যাংকের সঞ্চিত আট কোটি ডলার ফিলিপাইনের পাঁচটি অ্যাকাউন্টে জমা হয়। পরে ওই অর্থ ক্যাসিনো ঘুরে বাইরে পাচার হয়ে যায়।
