প্রস্তুতি ম্যাচে নারী ক্রিকেট দলের হার

আপডেট : ১১ মার্চ ২০১৬, ১৭:০৩
ওয়ার্ল্ড টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কার কাছে ৫ উইকেটে হেরেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। বৃহস্পতিবার বাংলাদেশের দেয়া ৯৬ রানের টার্গেট ৫ উইকেট হাতে রেখেই টপকে যায় শ্রীলঙ্কা।
 
আগে ব্যাট করতে নামা বাংলাদেশি নারীদের শুরুটা মোটেও ভালো হয়নি। মাত্র ১৬ রানেই লাল-সবুজের দলটি টপঅর্ডারের চার ব্যাটসম্যানকে হারায়। শারমিন আখতার (১), আয়েশা রহমান (৫), লতা মন্ডল (৮) ও ফারজানা হক (০) সাজঘরে ফিরে যান। তবে পঞ্চম উইকেট জুটিতে নিগার সুলতানা ও রুমানা আহমেদের ৪০ রানের জুটি টাইগ্রেসদের খেলার ফিরিয়ে আনে।
 
শেষ দিকে রুমানা ২০ ও নিগার ৩৩ রানে আউট হন। এরপর দলকে একশ’ রানের কাছাকাছি নিয়ে যান জাহানারা আলম (৮) ও সালমা খাতুন (১০*)। শ্রীলঙ্কার হয়ে ১৪ রানে ৩ উইকেট নিয়েছেন ওশাদি রানাসিংহে।
 

জয়ের জন্য ৯৬ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে লঙ্কান উদ্বোধনী জুটিতে আসে ১৮ রান। এরপর সালমা খাতুনের বলে ওপেনার জয়াজ্ঞানিক (৭) সাজঘরে ফেরেন। অন্য ওপেনার জাসোদা মেন্ডিস ১৯ বলে ২০ রান করে রুমানা আহমেদের বলে এলবির ফাঁদে পড়েন।
 
এরপর অন্য কোন ব্যাটসম্যান বড় স্কোর না গড়লেও ইয়াশোদা মেন্ডিস (২০) ও ওশাধি রানাসিংহেদের (১৬) নৈপুণ্যে ১৮.১ ওভারেই লক্ষ্যে পৌঁছে যায় শ্রীলঙ্কান নারীরা। বাংলাদেশের হয়ে রোমানা খাতুন নিয়েছেন ৩টি উইকেট। এছাড়া সালমা খাতুন নিয়েছেন ১টি উইকেট।