‌'নিষ্ক্রিয়রা গুরুত্বপূর্ণ পদ পাবেন না’

আপডেট : ১১ মার্চ ২০১৬, ১৮:৫৮
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, আসন্ন কাউন্সিলে দলের নিষ্ক্রিয়রা গুরুত্বপূর্ণ পদ পাবেন না। তবে যারা কর্মে নিষ্ক্রিয়, তারা ধর্ণায় সক্রিয়। তাদের বাদ দেয়া যাবে না। তারা আশেপাশে থাকবে তবে গুরুত্বপূর্ণ পদ পাবে না।
 
শুক্রবার সকালে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে এসব কথা বলেন তিনি।
 
জাতীয়তাবাদী কর্মজীবী দলের ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সংগঠনের নেতা-কর্মীদের নিয়ে শ্রদ্ধা জানান গয়েশ্বর।এ সময় অন্যদের মধ্যে জাগপা সভাপতি শফিউল আলম প্রধান, বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবীর খোকন প্রমুখ উপস্থিত ছিলেন।
 
বিএনপি সমর্থিত ব্যানার ভিত্তিক সংগঠনগুলো আসন্ন কাউন্সিলে সহযোগী দল হিসেবে স্বীকৃতি পাচ্ছে কিনা এমন প্রশ্নের জবাবে গয়েশ্বর রায় বলেন, ওয়ান-ইলেভেনের সময় যখন রাজনীতির সুযোগ ছিল না তখন প্রেসক্লাবে অনুষ্ঠান আয়োজন করে এসব সংগঠন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এসব সংগঠন বিএনপির স্বীকৃতির ওপর নির্ভরশীল নয়। নিজস্ব গঠনতন্ত্র অনুযায়ী এসব সংগঠন চলবে।