'২০২১ সালে দেশের স্বাধীনতার ৫০তম বার্ষিকীতে বাংলাদেশের রপ্তানি আয় ৬০ বিলিয়ন ডলারে দাড়াবে।' মাসব্যাপী ২৪তম চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলা-২০১৬ উদ্বোধনকালে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এই কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী আরও বলেন, 'আমরা দৃঢ় ভাবে আত্মবিশ্বাসী যে বাংলাদেশ এই প্রবৃদ্ধি অর্জন করবে, কারণ আমাদের নীতিতে রয়েছে- গতিশীল বেসরকারি খাত, শক্তিশালী অর্থনৈতিক ভিত্তি, মৌলিক, কৌশলগত অবস্থান ও আমাদের জনগণের ঐকান্তিক প্রচেষ্টা।'
নগরীর পলোগ্রাউন্ডে চিটাগং চেম্বার আয়োজিত বাণিজ্য মেলায় তোফায়েল আহমেদ বলেন, 'পশ্চিমা দেশগুলোতে পরবর্তী ২০ বছরের মধ্যে ২ মিলিয়ন প্রোগ্রামার প্রয়োজন হবে। তেমন আগামী ৫ বছরের মধ্যে আমাদের দেশে কয়েক হাজার প্রোগ্রামারের প্রয়োজন হবে। আইটি খাতে এক মিলিয়ন যুবককে কর্মসংস্থানের সুযোগের জন্য তৈরী করতে হবে।'
চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলার আহ্বায়ক ও চেম্বারের সহ-সভাপতি সৈয়দ জামাল আহমেদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী মোশাররফ হোসেন, সিটি মেয়র আ জ ম নাসির উদ্দিন, চেম্বারের সাবেক সভাপতি এম এ লতিফ এমপি, চেম্বারের সভাপতি মাহবুব আলম ও চেম্বারের সহ-সভাপতি নুরুন নেওয়াজ সেলিম।
