অনলাইনভিত্তিক অনেক প্রতিষ্ঠানেরই আয়ের প্রধান উত্স বিজ্ঞাপন। এ থেকে ফেসবুকের মতো সাইটগুলো তাদের আয়ের সিংহভাগ অর্জন করে। আয়ের সুযোগ বাড়ায় প্রতিষ্ঠানগুলোও তাদের সাইটে অনেক বেশি বিজ্ঞাপন প্রচার করে। এতে বিরক্ত হয়ে গ্রাহকরা অ্যাড ব্লকের মতো সেবা ব্যবহার করেন। বিজ্ঞাপনের ওপর নির্ভরশীল প্রতিষ্ঠানগুলো অ্যাড ব্লকের মতো সেবাকে তাদের জন্য হুমকি বলেই মনে করে। সেজন্য বিজ্ঞাপনহীন সেবা সরবরাহ পন্থা থেকে সরে যাচ্ছে ইয়াহুর মতো অনেক প্রতিষ্ঠান।
তবে নিজেদের এই তালিকার বাইরে রাখছে অপেরা। আর তাই অ্যাড-ব্লকিং ফিচারের ডেস্কটপ কম্পিউটার ব্রাউজারের নতুন সংস্করণ এনেছে প্রতিষ্ঠানটি।
এর আগে ডেস্কটপ সংস্করণে বিল্টইন অ্যাড-ব্লকার যোগ করেনি কোনো প্রতিষ্ঠান। ব্রাউজার নির্মাতা হিসেবে অপেরাই প্রথম এই ফিচার যোগ করেছে।
তবে ডেস্কটপ কম্পিউটার সংস্করণে শুধু অ্যাড-ব্লক ফিচার চালু করাই নয়; একই সঙ্গে এতে পেজ দ্রুত লোড হওয়ার সুবিধা যোগ করেছে সংশ্লিষ্টরা।
এছাড়াও ব্রাউজারটির নতুন সংস্করণে অনধিকার প্রবেশ হ্রাস এবং নিরাপত্তা বৃদ্ধি ব্যবস্থা জোরদার করা হয়েছে।
নতুন সংস্করণের ব্রাউজারের ব্যাপারে এক বিবৃতিতে অপেরা জানিয়েছে, আপাতত শুধু ডেস্কটপ কম্পিউটারের জন্য অ্যাড-ব্লকিং ফিচারের নতুন সংস্করণের ব্রাউজার আনা হয়েছে। তবে শিগগিরই ল্যাপটপ ও ট্যাবলেট এবং স্মার্টফোনের জন্য ব্রাউজারটির নতুন সংস্করণ আনা হবে।
ব্রাউজার ব্যবসায় পঞ্চম স্থানে আছে অপেরা। বিশ্বজুড়ে এর মাসিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা ছয় কোটি। নরওয়েভিত্তিক এই প্রতিষ্ঠানের আগে আছে মাইক্রোসফট, গুগল, ফায়ারফক্স ও অ্যাপল।
