‘দেশের ভবিষ্যৎ নির্ভর করছে তরুণ নেতৃত্বের উপর’

আপডেট : ১২ মার্চ ২০১৬, ১১:০৮
বাংলাদেশের ভবিষ্যৎ অনেকাংশেই তরুণদের উপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব, কাজী আখতার উদ্দিন আহমেদ। বৃহস্পতিবার বাংলাদেশ ইয়ুথ লিডারশিপ সেন্টারের চৌদ্দতম ‘বিল্ডিং ব্রিজেস থ্রু লিডারশিপ ট্রেনিং; (বিবিএলটি) প্রোগ্রামের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এই কথা বলেন। 
 
সচিব বলেন, বাংলাদেশের ভবিষ্যৎ অনেকাংশেই নির্ভর করছে এদেশের তরুণ নেতৃত্বের গুণগত মানের উপর। বাংলা, ইংরেজি ও মাদরাসা মিডিয়াম থেকে শিক্ষার্থীদের নিয়ে এসে তাদেরকে সহনশীল নেতৃত্ব চর্চার মূল্যবোধ শেখানোর ব্যাপারে আমি বিওয়াইএলসির প্রশংসা করি। অনুষ্ঠানের বিশেষ অতিথি, এনজিও বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত মহাপরিচালক কে এম আব্দুস সালাম বলেন, যুব নেতৃত্বের ক্ষেত্রে আগামী প্রজন্মকে গড়ে তোলার লক্ষ্যে বিওয়াইএলসির অবদান পথপ্রদর্শক হিসেবে কাজ করছে।
 
উল্লেখ্য, বাংলাদেশ ইয়ুথ লিডারশিপ সেন্টারের বিবিএলটি প্রোগ্রাম বাংলা, ইংরেজি ও মাদ্রাসা মাধ্যমে পড়ুয়া শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্ব তৈরি, তাদের চিন্তার বিকাশ, দলগতভাবে কাজ করার মানসিকতা এবং সমস্যা সমাধানের দক্ষতা বাড়াতে ভূমিকা রাখে। পর্যায়ক্রমে বাছাইকৃত বিয়াল্লিশ জন শিক্ষার্থী এই ট্রেনিং এ নেতৃত্বের বিভিন্ন তাত্ত্বিক ও ব্যবহারিক বিষয় সম্বন্ধে জানবে। ক্লাসরুমে শেখা জ্ঞানকে কাজে লাগিয়ে তারা একটি স্বল্প পরিসরের অথচ সুদূরপ্রসারী প্রভাব রাখবে এমন সামাজিক উন্নয়নমূলক প্রোজেক্ট পরিকল্পনা ও বাস্তবায়ন করবে।
 
 
আমেরিকান সেন্টারের পাবলিক অ্যাফেয়ার্স অফিসার অ্যান ম্যাককনেল অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।