নওগাঁর ধামইরহাটে ট্রাক চাপায় স্বাধীন (১১) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার সকালে নওগাঁ-জয়পুরহাট সড়কের ফার্সিপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত স্বাধীন ফার্সিপাড়া এলাকার টুকু প্রামাণিকের ছেলে এবং ফার্সিপাড়া উচ্চ বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেণির ছাত্র।
স্থানীয়রা জানায়, স্বাধীন সকালে বাড়ি থেকে স্কুলের উদ্দেশে যাচ্ছিল। এ সময় ফার্সিপাড়া এলাকায় পেছন দিক থেকে একটি দ্রতগামী ট্রাক এসে তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই স্বাধীন মারা যায়। ঘটনার পর এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে সড়ক অবরোধ করে দুটি ট্রাকে অগ্নি সংযোগ করে।
ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিকদার মশিউর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ট্রাকটি জব্দ করা হয়েছে।
