আধুনিক গালিগালাজের অভিধান আসছে ফেসবুকে

আপডেট : ১২ মার্চ ২০১৬, ১২:৩৭
দিন দিন জনপ্রিয়তা বাড়ছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের। এতে আরও অনুপ্রাণিত হয়ে সাইটটিতে যোগ হচ্ছে নতুন নতুন ফিচার। বর্তমান ব্যবহারকারীদের ভিন্নতর অভিজ্ঞতা দিতে এবং আরও অধিক সংখ্যক ব্যবহারকারীদের টানতে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটটিতে এবার যোগ হচ্ছে নতুন অভিধান।
 
অন্য পাঁচটা অভিধানের থেকে এই অভিধানের পার্থক্য হলো এতে থাকবে বিশ্বের বিভিন্ন প্রান্তে ভিন্ন ভিন্ন ভাষার মানুষের ব্যবহৃত আঞ্চলিক বা 'ট্রেন্ডি' ভাষা, যাকে আধুনিক গালাগাল বলে থাকেন অনেকে। সূত্র- আইবিএন লাইভ ও এনডিটিভি।
 
তবে এই অভিধান কেবল নিজেদের মতামতের ভিত্তিতে সাইটটিতে যোগ করবে না সংশ্লিষ্টরা। এর জন্য নেয়া হবে বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা ফেসবুক ব্যবহারকারীদের মতামত।
 
তারপর এই ডিকশনারিতে কোন শব্দ থাকবে আর কোন শব্দ থাকবে না তাও নির্ধারণ করা হবে ব্যবহারকারীদের ভোটের ভিত্তিতে। অর্থাৎ ‘এতো চাপ নিও না, বস’ বা ‘তোরে এতো ফইন্নি লাগে ক্যারে’ এর মতো শব্দগুচ্ছ বা টার্ম জায়গা করে নিতে পারে এই অভিধানে।
 
ঠিক কবে এই অভিধান যোগ হবে তা এখনও জানা যায়নি। তবে প্রযুক্তি বিষয়ক সংবাদ মাধ্যমের দাবি, এই অভিধান যত শিগগিরই সম্ভব প্রকাশ করতে মরিয়া ফেসবুক কর্তৃপক্ষ।