বলিউডে ‘কুইন’ বলা হয় তাকে। তার আরেক পরিচয় ‘রিভালবার রানি’। বলছি কঙ্গনা রানাওয়াতের কথা, ‘গ্যাংস্টার’ এর এই নায়িকা আর যাই হোক, স্ক্রিনে ‘পুতুল’ হয়ে নায়কদের বাহুডোরে নিজেকে সঁপতে অভিনয়ে আসেননি।
‘ফ্যাশন’ থেকে ‘লাইফ ইন আ মেট্রো’, ‘কুইন’, ‘তনু ওয়েডস মনু’ সব ক’টি ছবিতেই আলাদা কঙ্গনা। প্রায় দশ বছরের ক্যারিয়ারে বাছা বাছা ১৮টি ছবি এবং ১৫টি বিজ্ঞাপন। তার ঝুলিতে রয়েছে দুটো ন্যাশনাল অ্যাওয়ার্ড এবং তিনটে ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড।
এই মুহূর্তে বলিউডে সব থেকে বেশি পারিশ্রমিক পাওয়া নায়িকাও কঙ্গনা। কিন্তু তাতেও খুশি নন তিনি!
হিন্দুস্তান টাইমস এক খবরে জানিয়েছে, এতগুলো বিজ্ঞাপন ও অ্যাওয়ার্ড ঝুলিতে থাকার পরও কঙ্গনা মনে করেন, নায়কদের থেকে তিনি কম কীসে। আর তাই নায়কদের তুলনায় কম পারিশ্রমিক পাওয়ায় নাখোশ তিনি।
সূত্রের খবরে প্রকাশ, এই অসন্তুষ্টির কথা ঘনিষ্ঠমহলে প্রকাশ করে কঙ্গনা জানিয়েছেন, তার পারিশ্রমিকে তিনি খুশি নন, তিনি এখনও ‘আন্ডারপেইড’।
তার মতে, তিনি শুধু একা নন, প্রায় নায়িকাদেরই এক অবস্থা। আগে বেশিরভাগ ছবিতেই নায়িকাদের পর্দায় কিছু করার ছিল না। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে দর্শকদের চাহিদা বদলালেও বি-টাউনের মানসিকতা বদলায়নি। আর এই মানসিকতারই বদল চেয়ে তিনি সরব হয়েছেন।
