খুলনায় পশুর নদীতে ট্রলার ডুবি, বৃদ্ধার মৃত্যু

আপডেট : ১২ মার্চ ২০১৬, ১৬:১৫
খুলনায় ট্রলার ডুবিতে সালেহা বেগম (৬৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। এ সময় আরো দুই নারী যাত্রী আহত হয়েছে। শনিবার দুপুর দেড়টার দিকে দাকোপ উপজেলার চালনা বাজার লঞ্চঘাটে এ ট্রলার ডুবির ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 
 
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানিয়েছে, উপজেলার চালনা বাজার লঞ্চঘাট থেকে একটি ট্রলার যাত্রী ও মালামাল বোঝাই করে উপজেলার পারজয়নগরের উদ্দেশে যাত্রা করে। কিন্তু কিছুদূর যাওয়ার পরই অতিরিক্ত বোঝাইয়ের কারণে একদিকে কাত হয়ে ট্রলারটি পশুর ও চুনকুড়ি নদীর মোহনায় ডুবে যায়। এতে পারজয়নগরের গ্রামের মৃত ইদু সানার স্ত্রী সালেহা বেগম মারা যান। এ সময় পারজয়নগর গ্রামের মুজিবর রহমান সানার স্ত্রী রিজিয়া বেগম (৫৫) ও কামারখোলা গ্রামের সুধন ঢালীর স্ত্রী আরিফা বেগম (২৩) আহত হন। 
 
স্থানীয়রা নিহতের লাশ ও আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
 
দাকোপ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোজাম্মেল হক বলেন, সালেহা বেগমকে হাসপাতালে আনার আগেই মারা গেছেন। বর্তমানে রিজিয়া বেগম নামে একজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া আরিফা বেগমকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।   
 
দাকোপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন বলেন, সালেহা বেগম নামে একজন মারা গেলেও অন্য যাত্রীদের উদ্ধার করা সম্ভব হয়েছে। এছাড়া ট্রলার ও মালামাল উদ্ধারের চেষ্টা চলছে।