নেপালে সার্ক পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক ১৭ মার্চ

আপডেট : ১২ মার্চ ২০১৬, ১৮:৩৬
দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার (সার্ক) পররাষ্ট্রমন্ত্রীরা ১৭ মার্চ বৈঠকে বসছেন। মন্ত্রীরা বৈঠকে আসন্ন সম্মেলনের আগে সার্কের অগ্রগতি পর্যালোচনা করবেন। এছাড়া সংযোগ, উন্নয়ন, বাণিজ্য ও সন্ত্রাসবাদ দমনের মতো অভিন্ন ইস্যু নিয়েও আলোচনা করবেন। এই বৈঠকে যোগ দিতে ১৬ মার্চ নেপালের উদ্দেশে ঢাকা ছাড়ার কথা রয়েছে পররাষ্ট্র মন্ত্রী এএইচ মাহমুদ আলীর। এদিকে, নেপালের পোখারায় পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের ৩৬তম বৈঠকে (সার্ক কাউন্সিল অব মিনিস্টারস) সদস্য আট দেশের সম্মতিতে যুব সনদ (সার্ক ইয়ুথ চার্টার) স্বাক্ষর হতে পারে। 
 
১৪ ও ১৫ মার্চ সার্কের টেকনিক্যাল কমিটির (যুগ্ম সচিবদের) বৈঠক এবং ১৬ মার্চ পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকেও বিষয়টি উঠবে।
 
জানা গেছে, ১৯তম সার্ক শীর্ষ সম্মেলনের আয়োজক পাকিস্তান আগামী নভেম্বর মাসে সম্মেলন আয়োজনের জন্য সম্ভাব্য তিনটি তারিখ প্রস্তাব করেছে। পোখারায় আসন্ন পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকেও পরবর্তী সার্ক শীর্ষ সম্মেলন বিষয়ে আলোচনা হতে পারে। এছাড়া ১৮তম সার্ক শীর্ষ সম্মেলনে গৃহীত সিদ্ধান্তগুলো বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা করা হবে। সার্কের সদস্য রাষ্ট্রগুলো হলো আফগানিস্তান, বাংলাদেশ, ভুটান, ভারত, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কা।
 
অন্যদিকে, ২০১০ সালে ভুটানের রাজধানী থিম্পুতে ষোড়শ সার্ক শীর্ষ সম্মেলনে শীর্ষ নেতারা সার্ক যুব সনদ প্রণয়নের উদ্যোগ নেয়ার নির্দেশনা দিয়েছিলেন। বিশ্বের যুব সম্প্রদায়ের ২৬ শতাংশই সার্ক অঞ্চলে বসবাস করে। দক্ষিণ এশিয়ার অনেক দেশেই বিশাল তরুণ জনগোষ্ঠী রয়েছে, যা ওই দেশগুলোর উন্নয়নের জন্য এক বিশাল সম্ভাবনা সৃষ্টি করেছে। জাতীয় ও আঞ্চলিক বিভিন্ন উন্নয়ন পরিকল্পনায় তরুণদের প্রাধান্য দেয়া এবং তাদের স্বাস্থ্য, অধিকার ও উন্নয়নকে অগ্রাধিকার দেয়াই এর লক্ষ্য। আগামী ১৪ ও ১৫ মার্চ সার্কের টেকনিক্যাল কমিটির (যুগ্ম সচিবদের) বৈঠক এবং ১৬ মার্চ পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকেও বিষয়টি উঠবে।