আধুনকি বাংলা সাহিত্যের অন্যতম জনপ্রিয় কবি ও বীর মুক্তিযোদ্ধা রফিক আজাদের মরদেহ জাতির শ্রদ্ধা নিবেদনের জন্য আগামী সোমবার সকাল ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনারে নেয়া হবে।
সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ বলেন, 'জোটের উদ্যোগে অয়োজন করা হবে তার প্রতি শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠান। পরে বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হবে।'
কবি হাবীবুল্লাহ সিরাজী জানান, তার দুই ছেলে অভিন্ন আজাদ ও অব্যয় আজাদ কানাডায় থাকেন। তারা বাবাকে দেখতে দেশে এসেছিলেন। অভিন্ন আজাদ বাবাকে দেখে ১০ মার্চ কানাডা চলে যান। সোমবার তিনি বাবার মৃত্যু খবর শুনেছেন। দেশের উদ্দেশে তিনি আবার রওনা দিয়েছেন, সোমবার ঢাকায় পৌঁছানোর কথা। এরপরই রফিক আজাদের দাফন সম্পন্ন করা হবে।
উল্লেখ্য, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) অধ্যাপক ও কবি হারিসুল হক জানান, রফিক আজাদ ৫৮ দিন যাবত লাইফ সাপোর্টে ছিলেন। শুক্রবার সকাল থেকে তার রক্তচাপ পাওয়া যাচ্ছিল না। এতে ক্রমান্বয়ে তার শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে। দুপুরে তীব্র রক্ত সংক্রমণজনিত কারণে ২টা ১০ মিনিটে তার মৃত্যু হয়।
