অনলাইনে হজের প্রাক নিবন্ধন প্রক্রিয়া শুরু ২০ মার্চ

আপডেট : ১২ মার্চ ২০১৬, ১৯:০৬
 
প্রথম প্রাক নিবন্ধনসহ অনলাইন হজ্জ ব্যবস্থাপনা চালু করেছে সরকার। ২০ মার্চ থেকে শুরু হচ্ছে এই নিবন্ধন প্রক্রিয়া। শনিবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে হজমেলার উদ্বোধনী অনুষ্ঠানে এ তথ্য জানিয়েছেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান।
 
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শনিবার দুপুরে মেলা উদ্বোধনের পর তা খুলে দেয়া হয় দর্শনার্থীদের জন্য। এ সময় মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন ধর্মমন্ত্রী। এবার হজে যেতে পারবেন ১ লাখ ১ হাজার জন। এর মধ্যে সরকারিভাবে ১০ হাজার এবং বেসরকারিভাবে ৯১ হাজার জন। প্রথম দিন হওয়ায় মেলায় দর্শনার্থীর ভিড় কম থাকলেও ভালো সাড়া পাওয়া যাবে বলে আশাবাদী এজেন্সিগুলো।
 
ব্যবস্থাপনাকে স্বচ্ছ সুষ্ঠু ও জবাবদিহির মধ্যে আনার জন্য হজে যাওয়ার প্রথম ধাপ হিসেবে থাকছে প্রাক নিবন্ধন পর্ব।
 
এর আগে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে ধর্মমন্ত্রী মতিউর রহমান বলেন, কোনো এজেন্সির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে। মেলায় প্রায় দেড়শ'র মতো হ্জ এজেন্সি অংশগ্রহণ করছে। এতে রয়েছে দর্শনার্থীদের জন্য বিভিন্ন সুযোগ-সুবিধাসহ হজ প্যাকেজ।