পুলিশের এএসআই রিমান্ডে

আপডেট : ১২ মার্চ ২০১৬, ২১:৪৭
বংশাল থানার (সাময়িক বরখাস্তকৃত) সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শামীম রেজাকে পাঁচ দিনের রিমান্ডে নেয়া হয়েছে। রাজধানীর খিলগাঁও নন্দিপাড়া এলাকায় ক্যাবল অপারেটর কর্মচারীকে গুলির ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তাকে এই রিমান্ডে নেয়া হয়।
 
শনিবার মামলার তদন্ত কর্মকর্তা খিলগাঁও থানার উপপরিদর্শক আনোয়ার হোসেন গ্রেফতারকৃত শামীম রেজাকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে দশ দিনের রিমান্ডের আবেদন করেন। শুনানি শেষে মহানগর হাকিম প্রণব কুমার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
 
মামলার এজাহারে উল্লেখ করা হয়, ইস্ট ক্যাবল ভিশনের কর্মচারী আল আমিন ও জাকির হোসেন গতকাল শুক্রবার দুপুরে বকেয়া ডিশ বিলের জন্য খিলগাঁও নন্দিপাড়ার ৫ নম্বর রোডে বংশাল থানার এএসআই শামীম রেজার বাসায় যান। তারা শামীম রেজার নিকট ডিশ বিলের টাকা চাইলে উত্তেজিত হয়ে তিনি তাদেরকে লাইন কেটে দিতে বলেন।
 
পরে তারা লাইন কেটে দিতে গেলে শামীম রেজার কাছে থাকা পিস্তল দিয়ে তিনি তাদের লক্ষ্য করে গুলি চালান বলে এজাহারে উল্লেখ করা হয়। এই সময় আল আমিনের পিঠে গুলি লাগে। আহত আল আমিনকে উদ্ধার করে রাজারবাগ পুলিশ লাইন্স হাসপাতালে ভর্তি করা হয়। এ ব্যাপারে শামীম রেজার বিরুদ্ধে খিলগাঁও থানায় একটি মামলা করা হয়েছে।