সিরিয়া শান্তি আলোচনা শুরুর আগেই মতদ্বৈধতা

আপডেট : ১৩ মার্চ ২০১৬, ১০:৫৯
সিরিয়া সরকার সোমবার অনুষ্ঠিতব্য নতুন শান্তি আলোচনায় প্রতিনিধি দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে তবে সেখানে প্রস্তাবিত প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে কোনো আলোচনার বিষয়ে অস্বীকৃতি জানিয়েছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ মুয়াল্লেম রাজধানী দামেস্কে এই কথা বলেন।
 
এদিকে আসাদ বিরোধীপক্ষের এক মুখপাত্র বলেছেন, সিরীয় সরকারের আলোচনার এই পূর্বশর্ত শান্তি আলোচনা শুরু হওয়ার আগেই একে ব্যর্থ করে দিতে পারে। এর আগে গত সপ্তাহে মার্কিন যুক্তরাষ্ট্র বলেছে, দুই সপ্তাহ আগে চালু হওয়া অস্ত্র বিরতির পর থেকে দেশটিতে সংঘর্ষের পরিমাণ অনেক কমে গেছে।  গত শুক্রবার বিদ্রোহীদের হাই নেগোসিয়েশন কমিটি জানিয়ে ছিল তারা একটি অন্তর্বর্তীকালীন সরকারের প্রস্তাব দেবে যার পূর্ণ নির্বাহী ক্ষমতা থাকবে এবং প্রেসিডেন্ট বাশার আল আসাদের তাতে কোনো ভূমিকা থাকবে না। 
 
সিরিয়ায় জাতিসংঘের বিশেষ দূত স্টাফান ডি মিস্তুরা বলেছেন, তিনি আগামী ১৮ মাসের মধ্যে সিরিয়ায় প্রেসিডেন্ট নির্বাচন দেখতে চান। তবে পররাষ্ট্রমন্ত্রী এই দাবিকে প্রত্যাখ্যান করে বলেন, সিরিয়ায় নির্বাচন হবে কী না সেটা নির্ধারণ করবে সিরিয়ার জনগণ। বিরোধীদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রস্তাবকে নাকচ করে দিয়ে তিনি বলেন, যদি তারা এমনটি ভাবে তাহলে তাদের প্রতি আমার উপদেশ থাকবে যে তারা যেন আলোচনায় না আসে। বিবিসি।