তিন লাখ অভিবাসী নেবে কানাডা

আপডেট : ১৩ মার্চ ২০১৬, ১১:১৯
চলতি বছর তিন লাখেরও বেশি নতুন অভিবাসী নেয়ার ঘোষণা দিয়েছে কানাডা সরকার। নতুন এ পরিকল্পনায় পরিবারের সদস্যদের পুনর্মিলন এবং শরণার্থীদের বিশেষ গুরুত্ব দেয়া হবে। 
 
অভিবাসন মন্ত্রী জন ম্যাককালাম গত ৮ মার্চ জাতীয় সংসদে পেশ করা বার্ষিক প্রতিবেদনে সরকারের এ লক্ষ্যমাত্রা ঘোষণা করে বলেন, ‘সবার জন্য কানাডার দরজা আবারো উন্মুক্ত হচ্ছে। প্রতিবেদনে ২০১৬ সালে সর্বোচ্চ ৩০৫০০০ নতুন অভিবাসীকে স্বাগত জানানোর কথা বলা হয়েছে। আগের বছরের তুলনায় এ সংখ্যা ২১,০০০ বেশি।’
 
সিবিএনএ জানায়, সাম্প্রতিক বছরগুলোর পরিসংখ্যান দেখলে বোঝা যাবে যে, এটা কানাডার ইতিহাসে সর্বোচ্চ। অর্থনৈতিক উন্নয়নে অভিবাসীরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে এবং উদার কর্মসূচির মধ্য দিয়েই আজকের কানাডা গড়ে উঠেছে।
 
নতুনদের স্বাগত জানাতে কানাডা বরাবরই উদার একটা দেশ, এ কথা উল্লেখ করে মন্ত্রী প্রতিবেদনে বলেন, 'পরিবারের সদস্যদের দ্রুততম সময়ের মধ্যে একত্রিত হওয়ার বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে বিবেচনা করা হয়েছে। এছাড়া মানবিক বিষয়কে গুরুত্ব দিয়ে শরণার্থীদের পুনর্বাসনের মাধ্যমে তাদের নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করা হয়েছে।'
 
মন্ত্রি আরো বলেন, 'পরিবারের সদস্যদের পুনর্মিলন শ্রেণিতে অতিরিক্ত তহবিল বরাদ্দ দেয়া হবে। এদেশে যাদের ভাই-বোন আছে, সে সব আবেদনকারীর জন্য এক্সপ্রেস এন্ট্রি কর্মসূচিতে অতিরিক্ত পয়েন্ট দেয়া হবে যেন এদেশে আসা তাদের জন্য সহজ হয়। কারো স্ত্রী বা স্বামীকে এ দেশে আসার সঙ্গে সঙ্গে স্থায়ী বাসিন্দার মর্যাদা দেয়া হবে।'
 
বর্তমানে এক্ষেত্রে ২বছর অপেক্ষা করার বিধান রয়েছে, একথা জানিয়ে ম্যাককালাম বলেন, 'পরিবারের নির্ভরশীল ছেলেমেয়েদের সর্বোচ্চ বয়স সীমা ১৯ থেকে বাড়িয়ে ২২ বছর করা হবে। এর ফলে আরো বেশি কানাডিয়ান নাগরিক এবং স্থায়ী বাসিন্দা তাদের ছেলেমেয়েদের সহজে এদেশে আনতে পারবেন।'
 
উল্লেখ্য, কানাডা ২০১৪ সালে মোট ২লাখ ৬০হাজার ৪০৪ জন নতুন স্থায়ী বাসিন্দা গ্রহণ করে। এর মধ্যে দক্ষ শ্রেণিতে ছিল ১লাখ ৬৫হাজার ০৮৯ জন ও পারিবারিক শ্রেণিতে ৬৬হাজার ৬৬১ জন এবং শরণার্থী ছিল ২৮ হাজারের কিছু বেশি। চলতি বছরে মোট ৫৫হাজার ৮০০ শরণার্থী গ্রহণ করা হবে। এর মধ্যে ২৫হাজার সিরিয়ার শরণার্থী রয়েছে।