এভারটনের কাছে এফএ কাপে হেরে যাওয়া ম্যাচে পাওয়া লাল কার্ড নিয়ে দুঃখ প্রকাশ করেছেন চেলসি ফরোয়ার্ড দিয়েগো কস্তা। তবে স্পেনের এই তারকা প্রতিপক্ষ দলের গ্যারেথ ব্যারিকে কামড়ানোর অভিযোগ অস্বীকার করেছেন।
গত শনিবার রাতে গুডিসন পার্কে চেলসির ২-০ গোলে হারা ম্যাচের ৮৪তম মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে বহিষ্কৃত হন কস্তা। টিভি ক্যামেরায় দেখা যায়, চেলসির এই ফরোয়ার্ড ব্যারির গলার দিকে এমনভাবে মুখ নিয়ে গেছেন যেন এভারটনের মিডফিল্ডারকে কামড় দিতে যাচ্ছেন।
ওই ঘটনায় চেলসির এক মুখপাত্র কস্তার কামড়ানোর অভিযোগ অস্বীকারের কথা বলেন, ম্যাচের পরে ক্লাবের কর্মকর্তাদের সঙ্গে কস্তা কথা বলেছেন এবং যে ঘটনা তাকে লাল কার্ডের দিকে নিয়ে গেছে, তার জন্য দুঃখ প্রকাশ করেছেন।
দিয়েগো খুবই পরিষ্কার করে বলেছেন যে, বচসার কোনো পর্যায়েই তিনি ব্যারিকে কামড় দেননি। চেলসিরই সাবেক খেলোয়াড় রোমেলু লুকাকুর জোড়া গোলে চেলসিকে বিদায় করে দিয়ে এফএ কাপের সেমি-ফাইনালে ওঠে এভারটন। গোল.কম।
