৭ খুন মামলা : হাই কোর্টের তালিকায় তারেক সাঈদের আবেদন

আপডেট : ১৩ মার্চ ২০১৬, ১৪:৪৬
 
নারায়ণগঞ্জে সাত খুনের একটি মামলা বাতিল চেয়ে সাবেক র‌্যাব কর্মকর্তা তারেক সাঈদ মোহাম্মাদের করা আবেদন শুনানির জন্য হাই কোর্টের একটি দ্বৈত বেঞ্চে এসেছে। গত ৭ মার্চ এই আবেদন শুনতে হাই কোর্টের একটি দ্বৈত বেঞ্চ বিব্রত বোধ করায় প্রধান বিচারপতি এস কে সিনহা বিষয়টি নিষ্পত্তির জন্য বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের বেঞ্চে পাঠিয়েছেন। আদালতের কার্যতালিকায় রবিবার বিকাল সাড়ে ৩টায় আবেদনটি শুনানির জন্য রাখা হয়েছে।
 
সাত খুনের অন্যতম আসামি তারেক সাঈদের এই আবেদন ৭ মার্চ বিচারপতি এমদাদুল হক ও বিচারপতি এফ আর এম নাজমুল আহসানের আদালতে তোলা হলে একজন বিচারক 'বিব্রত' বোধ করেন। নিয়ম অনুযায়ী বিষয়টি প্রধান বিচারপতির কাছে গেলে তিনি নতুন বেঞ্চ ঠিক করে দেন।
 
সেদিন তারেক সাঈদের আইনজীবী গোলাম কিবরিয়া জানান, সাত খুনের ঘটনায় যে দুটি মামলা হয়েছিল, তার মধ্যে আইনজীবী চন্দন সরকারের জামাতা বিজয় কুমার পালের করা মামলা বাতিল চেয়ে তারা এ আবেদন করেছেন।
 
ওই ঘটনায় নিহত কাউন্সিলর নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম বিউটি মামলা করার ১২ দিন পর বিজয় কুমারের মামলাটি হয়। একই ঘটনায় একই আসামিদের বিরুদ্ধে দুটি মামলা চলতে পারে না। এই যুক্তিতে দ্বিতীয় মামলাটি বাতিল চাওয়া হয়েছে।
 
২০১৪ সালের ২৭ এপ্রিল ঢাকা-নারায়ণগঞ্জ লিংকরোডের ফতুল্লার লামাপাড়া থেকে সিটি কর্পোরেশনের কাউন্সিলর নজরুল ইসলাম, আইনজীবী চন্দন সরকারসহ ৭ জনকে অপহরণ করা হয়। তিন দিন পর শীতলক্ষ্যা নদীতে তাদের লাশ পাওয়া যায়।
 
এরপর নজরুল ও তার চার সহযোগীকে হত্যার ঘটনায় বিউটি একটি এবং চন্দন সরকার ও তার গাড়িচালক ইব্রাহিমকে হত্যার ঘটনায় বিজয় কুমার অন্য মামলাটি দায়ের করেন।
 
তদন্ত শেষে গত ৮ এপ্রিল নূর হোসেন, র‌্যাবের সাবেক তিন কর্মকর্তাসহ ৩৫ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ আদালতে দুই মামলারই স্বাক্ষ্যগ্রহণ চলছে। বিডি নিউজ।