ভিসা নীতিতে পরিবর্তন হয়নি: থাই দূতাবাস

আপডেট : ১৩ মার্চ ২০১৬, ১৪:৫০
 
বাংলাদেশের বিষয়ে থাইল্যান্ড ভিসা নীতিকে কোনো পরিবর্তন করেনি বলে জানিয়েছেন ঢাকায় দেশটির দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ফাসিত সুদাবুদ্ধি।
 
রবিবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন। আগামী ১৬ মার্চ শুরু হতে যাওয়া ‘থাইল্যান্ড সপ্তাহ ২০১৬’ সামনে রেখে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
 
ফাসিত সুদাবুদ্ধি বলেছেন, কাগজপত্র ঠিক থাকলে ভিসা আবেদন করার দুই থেকে তিন দিনের মধ্যে থাইল্যান্ডের ভিসা পাওয়া যাবে। 
 
থাইল্যান্ড সপ্তাহ উদযাপনের অংশ হিসেবে ১৮ থেকে ১৯ মার্চ বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে থাই পণ্যের প্রদর্শনী হবে। থাইল্যান্ডের পিটিকে উড কোম্পানি লিমিটেড, সুটি ট্যাঙ্কার্স অ্যান্ড স্পেশাল ট্রাকস লিমিটেড এবং বাথরুম ডিজাইন কোম্পানি লিমিটেডসহ দেশটির অনেক ভারি শিল্প পণ্য প্রদর্শন করা হবে সেখানে।