বিশ্বব্যাংকের চাপের মুখেই দুর্নীতি দমন কমিশন (দুদক) পদ্মাসেতু দুর্নীতির অভিযোগে মামলা করেছিল। কোনো দালিলিক তথ্য ছাড়া ২০১২ সালে মামলাটি করা হয়েছিল।
রবিবার দুদকের প্রধান কার্যালয়ে রাষ্ট্রীয় দুর্নীতিবিরোধী সংস্থাটির বিদায়ী চেয়ারম্যান মো. বদিউজ্জামান তাকে দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে এ কথা জানিয়েছেন। বিদায়ী চেয়ারম্যান এবং কমিশনার (তদন্ত) সাহাবুদ্দিন চুপ্পুর সম্মানে এ সংবর্ধনার আয়োজন করা হয়।
বদিউজ্জামান বলেন, পদ্মাসেতু প্রকল্পে দুর্নীতির অভিযোগে আমরা (দুদক) যে এজাহারটি করেছি, তাতে মামলা করার মতো কোনো উপাদান ছিলো না। আসলে এটা ঠিক হয়নি।
তিনি বলেন, মামলাটি করেছিলাম, যদি বাংলাদেশ পদ্মাসেতুতে অর্থছাড় পায়। মূলত দেশের স্বার্থেই মামলা করেছি। পরে তো আবার মামলা পরবর্তী তদন্তে আমরাই তুলে ধরেছি এ দুর্নীতির অভিযোগটি মিথ্যা। সুষ্ঠু তদন্তের মাধ্যমে আসামিদের অব্যাহতি দেয়া হয়েছে।
