শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ স্বয়ংসম্পূর্ণ : সংসদ উপনেতা

আপডেট : ১৩ মার্চ ২০১৬, ১৭:৩৯
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও জাতীয় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ স্বয়ংসম্পূর্ণ ।
 
রবিবার নিজ নির্বাচনী এলাকা ফরিদপুরের নগরকান্দার বিলনালিয়া ময়েজউদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত কুমার নদের উপর ব্রিজের ভিত্তিপ্রস্তর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
 
সৈয়দা সাজেদা চৌধুরী বলেন, আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ নিয়ে রাজনীতি করছি। বাংলাদেশ সবদিক দিয়ে উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। এখন কৃষককে সার পেতে হলে আর জীবন দিতে হয়না। কৃষকেরা ঘরে বসেই সার পাচ্ছেন। দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ ।
 
সাজেদা চৌধুরী আরো বলেন, আমার বয়স হয়েছে। নগরকান্দাকে নগরে পরিনত করেছি। আমার মৃত্যুর আগে নগরকান্দায় একটি বিশ্ববিদ্যালয় করে যেতে চাই।
 
তালমা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তৈয়াবুর রহমানের সভাপতিত্বে এ সময় আরো বক্তব্য রাখেন সংসদ উপনেতার জৈষ্ঠ্য পুত্র, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আয়মন আকবর বাবলু চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) তমিজুল ইসলাম খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল আজিজ, উপজেলা আওয়াম লীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন মিয়া প্রমূখ।
 
এ সময় সংসদ উপনেতা কুমার নদের উপর ৪ কোটি ২৪ লাখ ৮৫ টাকা ব্যায়ে ৭৫ মিটার আরসিসি গার্ডার ব্রিজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।