সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, কাগজপত্র হালনাগাদ আছে এমন যানবাহনে শিগগিরই স্টিকার সরবরাহ করা হবে।
রবিবার সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সভাকক্ষে পরিবহন খাতের বিভিন্ন সমস্যাদি পর্যালোচনা বিষয়ক এক আন্তঃমন্ত্রণালয় সভা শেষে সাংবাদিকদের তিনি একথা জানান।
মন্ত্রী বলেন, যানবাহনে স্টিকার দিতে ইতিপূর্বে নেয়া সিদ্ধান্ত যথাযথভাবে বাস্তবায়নের সিদ্ধান্ত নেয়া হয়েছে। আর কাগজপত্র হালনাগাদ থাকলেই যানবাহনে স্টিকার দেয়া হবে।
নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান বলেন, ওই স্টিকার গাড়িতে থাকলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ওই গাড়ির কাজগপত্র যাচাই করবে না কিংবা করলেও বেশি সময় নেবে না।
সভায় উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গা, ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া, সড়ক পরিবহন সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ, ট্রাক -কাভার্ডভ্যান মালিক মালিক সমিতির সাধারণ সম্পাদক রোস্তম আলী খানসহ পরিবহন মালিক ও শ্রমিক নেতারা।
