লালবাগ কেল্লার অভ্যন্তরে ধারণ করা ‘ইত্যাদি’র একটি নিয়মিত পর্ব পুনঃপ্রচার করা হবে আগামী ১৪ মার্চ রাত ১০টার ইংরেজি সংবাদের পর। কয়েক হাজার দর্শক নিয়ে ২০০৯ সালের জানুয়ারী মাসে পুরাতন ঢাকার দক্ষিণ-পশ্চিম প্রান্তে বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত অসম্পূর্ণ মোঘল প্রাসাদ দুর্গ লালবাগ কেল্লায় অনুষ্ঠানটি ধারণ করা হয়।
বিষয় বৈচিত্রে ভরপুর 'ইত্যাদি'র এই পর্বে রয়েছে কিছু মানবিক ও শিক্ষামূলক প্রতিবেদন। এবারের অনুষ্ঠানের বিভিন্ন প্রতিবেদন ধারন করতে 'ইত্যাদি' টিম গিয়েছিল টেকনাফ, তেতুঁলিয়া, রাজশাহী, নওগাঁ, নোয়াখালীসহ অনেক স্থানে। বৃক্ষপ্রেমী ১০৬ বছরের বৃদ্ধ গহের আলীর উপর রয়েছে একটি মানবিক প্রতিবেদন। যিনি স্বীকৃতি ও প্রচারের লোভে নয়-নিঃস্বার্থ ভাবে মানুষের কল্যাণে কাজ করেন। প্রচার বিমূখ এই মানুষটির উপর প্রতিবেদন করার জন্য 'ইত্যাদি' টিম গিয়েছিল নওগাঁয়। যেকোন বয়সেই যে শিক্ষা গ্রহণ করা যায়, তেমনি একটি পরিবারের চিত্র তুলে ধরা হয়েছে এবারের অনুষ্ঠানে। ফেনীর রিক্সাচালক মনির আহমেদ ও তার পরিবারের উপর রয়েছে একটি মানবিক প্রতিবেদন। এ ছাড়াও চুলের হাট এবং তরকারী কাটা নিয়ে রয়েছে দু’টি ব্যতিক্রমী রিপোটিং।
এবারের ইত্যাদিতে দু'জন প্রেমিকের ভালোবাসার স্মৃতি নিয়ে একটি গানে গানে গল্প রয়েছে। এই গল্পের চিত্রায়নে অংশ নিয়েছেন এই প্রজন্মের জনপ্রিয় মডেল ও অভিনয় শিল্পী ঈমন ও বিন্দু। আর গানটি পরিবেশন করেছেন নুতন এবং অপেশাদার শিল্পী-সুমন। বিয়ের পাত্রী নির্বাচন নিয়ে রয়েছে আর একটি বিষয়ভিত্তিক গান। গানটিতে অভিনয় করেছেন প্রাণ রায়, সমু চৌধুরী, সাজু খাদেম, আরফান ও আব্দুল আজিজ।
এবারের ‘ইত্যাদি’তে একটি ব্যতিক্রমধর্মী টকশোতে মুখোমুখি দেখা যাবে মামা-ভাগ্নে ও নানা-নাতিকে। এছাড়াও বিভিন্ন সামাজিক অসংগতি ও সমসাময়িক ঘটনা নিয়ে রয়েছে বেশ কয়েকটি বিদ্রুপাত্মক নাট্যাংশ।
বরাবরের মতই 'ইত্যাদি' রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। অনুষ্ঠানটি একযোগে পুনঃপ্রচার হবে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ড-এ। 'ইত্যাদি' স্পন্সর করেছে কেয়া কস্মেটিকস্ লিমিটেড।
উল্লেখ্য, প্রতি মাসের প্রথম রবিবার 'ইত্যাদি'র পুনঃপ্রচার সিডিউল অনুযায়ী চলতি মাসের পর্ব প্রচার তারিখ ছিল ৬ মার্চ, রবিবার। কিন্তু এশিয়া কাপ টি-টোয়েন্টি ক্রিকেট ফাইনাল খেলা থাকার কারনে অনুষ্ঠানটি নির্ধারিত দিনে প্রচারিত হয়নি।
