দিনটি শুক্রবার। ২০১০ সালের ২৯ জানুয়ারি। মহিলা সমিতি মঞ্চে 'শেষ সংলাপ' নাটকের চতুর্থ প্রদর্শনী। এরপর কেটে গেছে দীর্ঘ ৬ বছর। অবশেষে একই মঞ্চে 'ভাঙ্গা-গড়া নাট্যোৎসব' এ আগামী ১৮ মার্চ সন্ধ্যায় 'শেষ সংলাপ' নাটকের ৭০তম প্রদর্শনী হতে যাচ্ছে।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় নাটকটির প্রথম প্রদর্শণী হয়েছিল ২০০৯ সালের ২৫ ডিসেম্বর। আর ২৮ ডিসেম্বর ২০০৯ তারিখ কলকাতার মিনার্ভা থিয়েটার হলে অনীক আয়োজিত ‘গঙ্গা-যমুনা আন্তর্জাতিক নাট্যোৎসব’ এ নাটকটির আন্তর্জাতিক প্রদর্শণী হয়। এরপর দেশে-বিদেশের বিভিন্ন মঞ্চে নাটকটির নিয়মিত প্রদর্শণী হয় বিরামহীনভাবে।
সময় প্রযোজিত ২৯তম প্রযোজনা ‘শেষ সংলাপ’। মিশরের নাট্যকার তাওফিক-আল-হাকিমের ‘সুলতানুজ জান্নাম’ অবলম্বনে নাটকটি যৌথভাবে অনুবাদ করেছেন ড. সৈয়দ জামিল আহমেদ ও ম. সাইফুল আলম চৌধুরী। নির্দেশনা দিয়েছেন আকতারুজ্জামান। নাটকটির পোস্টার ডিজাইন করেছেন শিল্পী ঢালী আল মামুন, মঞ্চ পরিকল্পনায় ফয়েজ জহির, সঙ্গীত পরিকল্পনায় কমল খালিদ, পোষাক পরিকল্পনায় আমিনুর রহমান মুকুল এবং আলোক পরিকল্পনা করেছেন আলমগীর হোসেন।
বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন- পাভেল ইসলাম, রিয়াজ মাহমুদ জুয়েল, আকতারুজ্জামান, রুমা, তোফায়েল সরকার, ফখরুল ইসলাম মিঠু, মাকসুদুল বারী টিপু, আনোয়ার, মাসুম, দাউদ, সানি, মৌসুমী, সোনিয়া প্রমূখ।
'মিসরের এক সুলতান উত্তরাধিকারী হিসেবে তাঁর পালিত পুত্র একজন ক্রীতদাস সেনাধ্যক্ষকে মনোনীত করেন। কিন্তু দুর্ভাগ্যবশতঃ মৃত্যুকালে তিনি তাঁর মসনদের উত্তরাধিকারী সুলতানকে দাসত্ব থেকে মুিক্ত দিয়ে যেতে পারেননি। পরবর্তীতে সুলতানের উত্তরাধিকারীত্বের বৈধতা নিয়ে জনমনে সন্দেহ দেখা দেয় এবং জটিলতার সৃষ্টি হয়। সমস্যার সমাধান হবে কোন পথে? আইনী পদ্ধতিতে নাকি অস্ত্র প্রয়োগে? কোন পথ বেছে নেবে সুলতান? এই সমস্যারই এক জটিল শিল্পিত রসায়ন শেষ সংলাপ।'
