টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে প্রথম সেঞ্চুরি তামিমের

আপডেট : ১৩ মার্চ ২০১৬, ২১:৫৮
টি-টোয়েন্টি ক্যারিয়ারে নিজের প্রথম সেঞ্চুরি করলেন তামিম ইকবাল।  ওয়ার্ল্ড টি-টোয়েন্টির বাছাইপর্বে তাণ্ডব চালিয়ে চলা তামিম সেঞ্চুরি তুলে নেন ওমানের বিপক্ষে। বাংলাদেশের পক্ষে যেকোনো ব্যাটসম্যানের জন্যই এটাই প্রথম।
 
নেদারল্যান্ডসের বিপক্ষে অপরাজিত ৮৩ রানের পর বৃষ্টিবিঘ্নিত আয়ারল্যান্ড ম্যাচেও ঝড়ো ৪৭। এবার ওমানের বিপক্ষেও শতক হাকালেন বাংলাদেশের এই হার্ডহিটার।
 
রবিবার টসে হেরে ব্যাট করতে নেমে সতর্ক শুরু করে বাংলাদেশ। দুই টাইগার ওপেনার তামিম ইকবাল ও সৌম্য  ব্যাটিং করতে থাকেন সতর্কভাবে। দলীয় ৪২ রানেই সাজঘরে ফেরেন ওপেনার সৌম্য। ব্যক্তিগত ১২ রানে লালচেতার বলে বোল্ড আউট হন তিনি।
 
প্রথম ৫ ওভার শেষ হয়ে গেলেও মাত্র তিনটি বাউন্ডারি আসে দুই ওপেনারের ব্যাট থেকে। তবে কিছুক্ষণের মধ্যেই স্বরুপে ফিরতে শুরু করেন তামিম।  ৬টি চার ও একটি ছক্কায় অর্ধশতক তুলে নেন এই ব্যাটসম্যান।
 
এরপরও চলতে থাকে তার ব্যাটিং তাণ্ডব। মোট ৯টি বাউন্ডারি ও পাঁচটি ওভার বাউন্ডারি ছক্কায় সেঞ্চুরি পূর্ণ করেন তিনি।