শুটিংয়ের কাজ শেষ হয়েছে অনেক আগেই। শেষ হয়েছে পোস্ট-প্রোডাকশনের কাজও। তার পরও নানা জটিলতা বেড়া তুলে রেখেছিল 'শঙ্খচিল' ছবির উড্ডয়নে। তবে অবশেষে সব জট কাটিয়ে সেলুলয়েডের আকাশে ডানা ছড়িয়ে দিল 'শঙ্খচিল'। মুক্তি পেল ভারত-বাংলাদেশ যৌথ সহায়তায় নির্মিত, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও কুসুম শিকদার অভিনীত, গৌতম ঘোষ পরিচালিত 'শঙ্খচিল' এর ট্রেলার। আর, এই ট্রেলারের সূত্রেই জানা গেছে, বাঙালির নতুন বছরের পয়লা বৈশাখে মুক্তি পাচ্ছে ছবিটি। এক খবরে কলকাতার সংবাদ মাধ্যম ‘সংবাদ প্রতিদিন’ এসব কথা জানিয়েছে।
'মনের মানুষ' এর পরে এই ছবির সূত্রে যেমন এক হল কলকাতা আর বাংলাদেশ, তেমনই সেলুলয়েডে ফিরে এল প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও গৌতম ঘোষের যুগলবন্দি। 'মনের মানুষ' এর মতোই এ বারেও গৌতম ঘোষের সিনেমার ফ্রেম ঘোরাফেরা করেছে দুই বাংলা জুড়ে। তবে, এবার সামান্য তফাতও রয়েছে।
এবারে ছবির কাহিনিরেখা কিঞ্চিৎ জটিল। বাংলাদেশে বসবাসকারী এক পরিবারের গল্প দেখা যাবে এই ছবিতে, যাদের আত্মীয়রা ছড়িয়ে-ছিটিয়ে রয়েছেন দুই বাংলাতেই। একে একে ছবিতে ভিড় করে আসবে দেশবিভাগ, সীমান্তের কাঁটাতারের বেড়া, নির্মল শৈশব আর দ্বিধাগ্রস্ত প্রাপ্তবয়স্কতার টানাপোড়েন।
এর আগে সাক্ষাৎকারে পরিচালক জানিয়েছিলেন, তার এই ছবির ফ্রেমে ভিড় করে আছে ঋত্বিক ঘটকের চিত্রকল্পের ছায়া। দেশভাগ নিয়ে ঋত্বিক ঘটকের কিংবদন্তি চিত্রকল্প অনুপ্রেরণা জুগিয়েছে তাকে। তারই ফসল 'শঙ্খচিল'।
আর কী লুকিয়ে রয়েছে ছবির ফ্রেমে, তা জানা যাবে ছবিটি মুক্তি পেলে। আপাতত, তার আগে চোখ জুড়ান ট্রেলার দেখে।
