চৌগাছায় স্বামী হত্যার দায়ে স্ত্রীসহ দুইজনের মৃত্যুদণ্ডাদেশ

আপডেট : ১৪ মার্চ ২০১৬, ১৯:৩১
যশোরের চৌগাছায় স্বামী হত্যার দায়ে স্ত্রী ও তার ভগ্নিপতির মৃত্যুদণ্ডাদেশ দিয়েছে আদালত।
 
সোমবার যশোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ (চতুর্থ) আদালতের বিচারক শরীফ হোসেন হায়দার এ রায় দেন। হত্যাকাণ্ডের শিকার আব্দুর রাজ্জাক চৌগাছা উপজেলার আজমতপুর গ্রামের বাসিন্দা। দণ্ডাদেশপ্রাপ্তরা হলেন- নিহত রাজ্জাকের স্ত্রী শাবানা খাতুন ও ভগ্নিপতি আব্দুল আলিম। পরকীয়া প্রেমের কারণে স্ত্রী ও ভগ্নিপতি মিলে রাজ্জাককে শ্বাসরোধ হত্যা করেন।
 
আদালত সূত্র ও মামলার বিবরণ থেকে জানা যায়, আব্দুর রাজ্জাকের স্ত্রী শাবানা খাতুনের সঙ্গে ভগ্নিপতি আব্দুল আলিমের পরকীয়া সম্পর্ক ছিল। এ নিয়ে পরিবারে অশান্তি দেখা দেয়। এর একপর্যায়ে ২০১৪ সালের ৯ মার্চ রাতে চৌগাছা উপজেলার আজমতপুর গ্রামের পানের বরজে আব্দুর রাজ্জাককে শ্বাসরোধে হত্যা করেন তার স্ত্রী শাবানা খাতুন ও ভগ্নিপতি আব্দুল আলিম।
 
ঘটনার দুদিন পর নিহতের ভাই মিন্টু বাদী হয়ে চৌগাছা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় শাবানা খাতুন ও আব্দুল আলিমকে আসামি করা হয়। হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন শাবানা খাতুন। স্বাক্ষ্য-প্রমাণে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত দুই আসামিকে মৃত্যুদণ্ডাদেশ ও ৫০ হাজার টাকা করে জরিমানা করেন।
 
মামলায় সরকার পক্ষের আইনজীবী আবু সেলিম রানা সন্তোষ প্রকাশ করেন।