খুলনায় হত্যা মামলায় দুইজনের যাবজ্জীবন

আপডেট : ১৪ মার্চ ২০১৬, ১৯:১৯
খুলনায় হত্যা মামলায় দুইজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। এ মামলায় অপর তিন আসামিকে ৭ বছরের সশ্রম কারাদণ্ড, প্রত্যেককে পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।
 
সোমবার দুপুরে খুলনা মহানগর দায়রা জজ আদালতের বিচারক অরূপ কুমার গোস্বামী এ রায় ঘোষণা করেন। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- নগরীর আলমডাঙ্গা এলাকার বদরুজ্জামানের ছেলে রণি ও ৭ নম্বর ঘাট এলাকার রিপন মোল্লার ছেলে বাচ্চু মোল্লা ওরফে হাত কাটা বাচ্চু (পলাতক)। এছাড়া ৭ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামি হলেন- নগরীর আলমডাঙ্গা এলাকার সবুর মোল্লার ছেলে শহীদুল ইসলাম, একই এলাকার মার্কোস সরদারের ছেলে শিপন (পলাতক) ও আব্দুল হাকিমের ছেলে জাকির হোসেন (পলাতক)।
 
মামলার এজাহার সূতে জানা যায়, ২০০৪ সালের ২৮ এপ্রিল উক্ত আসামিরা নগরীর আলমডাঙ্গা এলাকার মো. জাফর আলীর ছেলে আব্দুল্লাহ আল মামুন খোকাকে (১৭) কুপিয়ে আহত করে। আশঙ্কাজন অবস্থায় তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে ওই দিনই তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় পরের দিন খোকা মারা যান। এ ঘটনায়  খোকার পিতা ৮ জনের নাম উল্লেখ করে নগরীর খালিশপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। ২০০৭ সালের ১০ ডিসেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা উক্ত আসামির বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় তিন আসামিকে বেকসুর খালাস দেয়া হয়।