ক্রিকেট বিষয়ক সবচেয়ে বড় ওয়েবসাইট ক্রিকইনফোর সেরা নবাগত ক্রিকেটারের পুরস্কার জিতলেন বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমান। টি-টোয়েন্টি, ওয়ানডে আর টেস্ট- ২০১৫ সালে আন্তর্জাতিক ক্রিকেটের সব ফরম্যাটেই আলো ছড়িয়েছেন এই কাটার স্পেশালিস্ট।
জুরি আর ইএসপিএনক্রিকইনফোর পাঠকদের ভোটে এই পুরস্কার জেতেন মুস্তাফিজ। পুরস্কার জয়ের দৌড়ে তার প্রতিদ্বন্দ্বী ছিলেন দক্ষিণ আফ্রিকার ফাস্ট বোলার কাগিসো রাবাদা, শ্রীলঙ্কার পেসার দুশমন্ত চামিরা ও ইংল্যান্ডের অলরাউন্ডার মার্ক উড।
গত বছরের ২৪ এপ্রিল ঢাকায় পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টিতে ম্যাচে ৪ ওভার বল করে ২ উইকেট নেন মুস্তাফিজ।সেই ম্যাচে দারুণ কিছু স্লোয়ার ডেলিভারি আর কাটারে নজর কাড়েন মুস্তাফিজ।
এরপর গত বছরের ১৮ জুন ঢাকায় ভারতের বিপক্ষে ৫০ রানে ৫ উইকেট নিয়ে রাজসিক ওয়ানডে অভিষেক হয় মুস্তাফিজের। দলের ৭৯ রানের জয়ে ম্যাচ সেরার পুরস্কার জেতেন তিনি।
রঙিন পোশাকের গণ্ডি পেরিয়ে টেস্ট ক্রিকেটে মুস্তাফিজ পা রাখেন গত বছরের ২১ জুলাই। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঢাকায় সেই ম্যাচে প্রথম ইনিংসে ৪ উইকেট নেন তিনি।
গত বছর ৫টি টি-টোয়েন্টি খেলে ১৮.৬৬ গড়ে ৬ উইকেট নিয়েছেন মুস্তাফিজ। ক্যারিয়ারে ১০টি টি-টোয়েন্টিতে ১৭ গড়ে ১৩টি উইকেট। গত বছর ১৬টি ম্যাচ খেলে ৩৬টি উইকেট নেন এই পেসার। সব ধরনের ক্রিকেট মিলিয়ে ২০১৫ সালে ৩০টির উপরে উইকেট পাওয়া বোলারদের মধ্যে মুস্তাফিজের গড় ও স্ট্রাইক রেট (১৯.৫০) সবচেয়ে ভালো।
