টাঙ্গাইল-৪ আসনের উপ-নির্বাচনে মনোনয়নপত্র গ্রহণে রিট আবেদন খারিজের হাইকোর্টের রায়ের বিরুদ্ধে কৃষক-শ্রমিক-জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তমের আপিলের ওপর শুনানি সোমবার শেষ হয়েছে। প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগ মঙ্গলবার এ বিষয়ে আদেশ দেবেন।
মনোনয়নপত্র গ্রহণের নির্দেশনা চেয়ে কাদের সিদ্দিকীর রিট আবেদন গত ৪ ফেব্রুয়ারি খারিজ করে রায় দেয় হাইকোর্ট। ওই রায়ের বিরুদ্ধে তিনি সুপ্রিম কোর্টে আপিল দায়ের করেন। আপিলের পক্ষে আইনজীবী এজে মোহাম্মদ আলী ও রাগীব রউফ চৌধুরী, রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও ইসির পক্ষে মুহাম্মদ ইয়াসিন খান শুনানি করেন।
শুনানি শেষে আপিলের ওপর আদেশ দেয়ার জন্য দিন ধার্য করে দিয়েছে আপিল বিভাগ। আগামী ২০ মার্চ ওই আসনের উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।
