তুরস্কের রাজধানী আঙ্কারায় ভয়াবহ আত্মঘাতী গাড়ি বোমা হামলার পর দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান সন্ত্রাসবাদকে ‘পরাজিত করার’ শপথ নিয়েছেন। এরদোগান বলেছেন, এই আত্মঘাতী গাড়ি বোমা হামলা সন্ত্রাসীদের দমনে তুরস্কের নিরাপত্তা বাহিনীর সংকল্পকেও আরো সুদৃঢ় করবে। তুরস্কের একটি প্রধান পরিবহন কেন্দ্র কিজিলাই জেলায় অবস্থিত গুভেন পার্কে এই বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৭ জনে। এ ঘটনায় একজন সন্দেহভাজন বোমা হামলাকারী নিহত হয়েছে বলে ধারণা করা হয়। এছাড়া হামলায় অন্ততপক্ষে ১২৫ জন আহত হয়। তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী এফকান আলা জানান, সোমবার এ ব্যাপারে একটি তদন্ত শেষ হওয়ার কথা এবং এই ঘটনার সঙ্গে যারা দায়ী তাদের নাম প্রকাশ করা হবে। এখন পর্যন্ত কোনো গোষ্ঠী বা সংগঠন এই হামলার দায়িত্ব স্বীকার না করলেও সরকার এই ঘটনার জন্য নিষিদ্ধ ঘোষিত সংগঠন কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টিকে (পিকেকে) সন্দেহ করছে। সাম্প্রতিক মাসগুলোতে তুরস্কে কুর্দি বিদ্রোহীরা ধারাবাহিক হামলা চালিয়েছে। তথাকথিত ইসলামিক স্টেট গ্রুপও সম্প্রতি আঙ্কারায় হামলা চালায়। এই হামলার পর তুরস্কের রাষ্ট্রপতি রিসেপ তাইপ এরদোগান এক বিবৃতিতে বলেন, সন্ত্রাসের বিরুদ্ধে তাদের লড়াই অব্যাহত থাকবে। এরদোয়ান বলেন, তুরস্কের নিরাপত্তা বাহিনীর সঙ্গে যুদ্ধে না পেরেই সন্ত্রাসীরা বেসামরিক লোকজনকে টার্গেট করছে।
জাতীয় ঐক্যের ডাক দিয়ে তিনি বলেন, তুরস্ক ভবিষ্যত্ হামলা প্রতিরোধে তার আত্মরক্ষার অধিকার প্রয়োগ করবে। তিনি বলেন, দেশবাসীর চিন্তিত হওয়ার কারণ নেই। এটা সন্ত্রাসীদের বিরুদ্ধে একটি যুদ্ধ। এই যুদ্ধ সফলভাবেই শেষ হবে এবং আমরা সন্ত্রাসবাদকে পরাজিত করবই। তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থার মতে, প্রধানমন্ত্রী আহমেত দাভুতোগলু এই ঘটনার পরিপ্রেক্ষিতে তার জর্দান সফর বিলম্বিত করেন। মার্কিন যুক্তরাষ্ট্র এই হামলার নিন্দা জানিয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র জন কিরবি বলেন, সন্ত্রাসবাদের ঝুঁকি মোকাবিলায় ন্যাটোভুক্ত মিত্র তুরস্কের সঙ্গে আমাদের শক্তিশালী অংশীদারিত্বের বিষয়টি দৃঢ়তার সঙ্গে পুনর্ব্যক্ত করছি। ন্যাটো মহাসচিব জেন্স স্টোলেনবার্গও এই হামলার নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, এই ধরনের জঘন্য সহিংসতার কোনো ন্যায়সঙ্গত যুক্তি থাকতে পারে না।
